ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধিতা
সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা যুগোপযোগী করার পরিকল্পনা নেয়া
হয়েছে। এতে সকল ধরনের প্রতিবন্ধীদের সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। যা
প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সহায়ক হবে। গতকাল রাজধানীর
মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আয়োজিত প্রতিবন্ধিতা
উত্তরণ মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি
একথা বলেন। ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের
পরিচালক নন্দ দুলাল বণিক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের
সচিব সুরাইয়া বেগম ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন
আনাম। স্বাগত বক্তৃতা করেন সীড ট্রাস্টের নির্বাহী পরিচালক দিলারা সাত্তার
মিতু। প্রধান অতিথির বক্তৃতায় ফজলে রাব্বী মিয়া বলেন, প্রত্যেকটি মানুষ
জন্মগতভাবে মর্যাদার অধিকারী। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ এ মর্যাদা
ভোগের সমান অধিকার রাখে। দেশের অটিস্টিকসহ প্রতিবন্ধী ব্যক্তিরাও এর
ব্যতিক্রম নয়। প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যের একটি অংশ। প্রতিবন্ধী
মানুষদের প্রতি অবজ্ঞা বা অবহেলা করার সময় শেষ হয়েছে। তাদের অধিকার এবং
মর্যাদা সমুন্নত রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই সরকার ইতিমধ্যে
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল
প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩’ নামে দুটি আইন পাস করেছে। শুধু আইন
পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এ দুটি আইন কার্যকর করতে প্রয়োজনীয় বিধি
প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডেপুটি স্পিকার বলেন, আইন দু’টির
মাধ্যমে সকল ধরনের প্রতিবন্ধী মানুষের একীভূত ও বিশেষ শিক্ষা প্রাপ্যতা
সাপেক্ষে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা, সামাজিক ও রাজনৈতিক বৈষম্য দূর,
প্রাকৃতিক দুর্যোগকালীন প্রাধিকার প্রাপ্তি, সকল ভবন ও যানবাহনে
প্রবেশগম্যতা সুনিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তির
অধিকার ও সুরক্ষা আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ৩য় ও ৪র্থ
শ্রেণীর সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তি ও এতিমদের জন্য ১০ শতাংশ কোটা
এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে এক শতাংশ কোটা যথাযথভাবে
পূরণের পদক্ষেপ নেয়া হয়েছে। যা প্রতিবন্ধীদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে
বলে তিনি আশা প্রকাশ করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment