Monday, January 18, 2016

হালুয়ায় নষ্ট খেজুর-কিশমিশ, মিষ্টির রসে দুর্গন্ধ

চানাচুর, শিঙারা এই পোড়া তেলে ভাজা হতো
নানা ধরনের মিষ্টি ও হালুয়ার জন্য বিখ্যাত দোকানটি। কিন্তু মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খেজুর-কিশমিশ ব্যবহার করা হচ্ছিল দোকানটির খাদ্যপণ্যে। পোড়া তেলে ভাজা হচ্ছিল চানাচুর। মিষ্টির রসও অনেক দিনের পুরোনো। এসব অনিয়মের জন্য নগরের কাজীর দেউড়ি এলাকার বোম্বে রয়েল সুইটসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি নগরের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ফুটপাতে মালামাল ও যন্ত্রপাতি রাখার দায়ে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করেন আরেকটি ভ্রাম্যমাণ আদালত।
পোড়া তেল ও পচে যাওয়া কিশমিশ
ফেলা হয় ড্রেনে। ছবি: জুয়েল শীল
আজ সোমবার বিকেলে বোম্বে রয়েল সুইটস-এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। অভিযানে জরিমানার পাশাপাশি দুই মণ কিশমিশ ও ১৫ কেজি খেজুর জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে পোড়া তেল ও মিষ্টির রস ফেলা হয় ড্রেনে।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, মিষ্টির কারখানায় অভিযানে দেখা গেছে পোড়া তেলে নিয়মিত চানাচুর ভাজা হয়। মিষ্টির রস থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কিশমিশ-খেজুর নষ্ট, মেয়াদ নেই। কৌটার আচারগুলোর মেয়াদ তো নেইই, অনেকগুলোতে ছত্রাকও পড়ে গেছে। এসব অনিয়মের কারণে দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ফুটপাতে মালামাল ও যন্ত্রপাতি রাখার দায়ে জরিমানা
এদিকে দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) অভিযান চালান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাতে মালামাল ও যন্ত্রপাতি রাখার দায়ে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।
হালুয়ায় দেওয়া হচ্ছিল পচে যাওয়া এসব কিশমিশ। ছবি: জুয়েল শীল
অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। তিনি প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দুই পাশের ফুটপাতে পণ্যসামগ্রী ও যন্ত্রপাতি রেখে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই জন্য ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মুদির দোকান, মুরগির দোকান, ফলের দোকান, গাড়ির গ্যারেজ। অভিযানে সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নোংরা পরিবেশে খালি হাতে বানানো হয় মিষ্টি। ছবি: জুয়েল শীল
কাচা ও রান্না করা খাবার এক সঙ্গে ফ্রিজে রাখা হতো। ছবি: জুয়েল শীল

No comments:

Post a Comment