Friday, January 1, 2016

চট্টগ্রামেও হবে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা by ফাহিমা ফিরোজ

ফাহিমা ফিরোজ
চট্টগ্রামের চার তরুণ-তরুণী—ফাহিমা ফিরোজ, রবিউল হোসেন চৌধুরী, সূচি বড়ুয়া ও এম ফয়সাল রিয়াদ। শিক্ষার টানে তাঁরা পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া ও যুক্তরােষ্ট্র। পড়ালেখার পাশাপাশি রয়েছেন গবেষণায়। তবে এত কিছুর মধ্যেও তাঁদের মন পড়ে থাকে দেশে। স্বপ্ন দেখেন প্রাণের শহর চট্টগ্রামকে ঘিরে। ই–মেইলের মাধ্যমে নতুন বছরে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন প্রথম আলোর কাছে।
সাক্ষাৎকার নিয়েছেন আশরাফ উল্লাহ
‘চট্টগ্রাম চিকিৎসায় সব সময় পিছিয়ে। প্রায় সময় শুনি ভুল চিকিৎসার কথা। রোগীরা চিকিৎসকদের প্রতি আস্থা হারাচ্ছেন। এ মনোভাবে পরিবর্তন আনতে হবে। আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দিয়ে ফিরিয়ে আনতে হবে আস্থা। এ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে আমার।’
নতুন বছরে চট্টগ্রাম নিয়ে এমন আশার কথা জানান ফাহিমা ফিরোজ। তিনি গবেষণা করছেন যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড ডায়বেটোলজি বিভাগে। ডায়াবেটিস ও ডায়াবেটিস জনিত অন্যান্য শারীরিক সমস্যা সারাতে প্রচলিত চিকিৎসা আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলাই তাঁর গবেষণার মূল বিষয়বস্তু।
সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বৃত্তি নিয়ে উচ্চতর গবেষণার জন্য গেছেন যুক্তরাজ্য। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
ফাহিমা বলেন, ‘এখানে নববর্ষ উদ্যাপন হয় মহাসমারোহে। এক সপ্তাহ আগে থেকে উৎসবের আমেজ পাওয়া যায়। নতুন বছরে নতুন উদ্যমে কাজে নামেন তাঁরা। আমাদেরও নতুন বছরে নতুন কিছু আশা নিয়ে এগিয়ে আসতে হবে।’
ফাহিমার প্রিয় বেড়ানোর জায়গা কক্সবাজার। বিশাল সমুদ্রসৈকত প্রাণ জুড়ায়। কিন্তু এ নিয়ে তাঁর আক্ষেপও কম নয়। তিনি বলেন, কক্সবাজারকে কাজে লাগানো যাচ্ছে না। এই সমুদ্রশহর হতে পারে আয়ের অন্যতম উৎস। পর্যটন ব্যবসা প্রসারের সুযোগ রয়েছে এখানে।

No comments:

Post a Comment