Friday, February 5, 2016

এক ধর্মকে আঘাত করা সব ধর্মের অপমান : ওবামা

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মসজিদ পরিদর্শন
মুসলমানদের ‘আমেরিকার গর্ব’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার প্রথম কোনো মসজিদ পরিদর্শনে গিয়ে স্থানীয় সময় বুধবার তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘এক ধর্মকে আঘাত করা সব ধর্মকে অপমানের শামিল।’ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদে যান মার্কিন প্রেসিডেন্ট ওবামা। সাত বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ওবামা বিশ্বের অন্যান্য দেশের মসজিদ পরিদর্শন করলেও নিজ দেশে এই প্রথম তিনি কোনো মসজিদ পরিদর্শন করলেন। সম্প্রতি একাধিক সন্ত্রাসী ঘটনা ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ইসলামবিদ্বেষী মনোভাবের ফলে যুক্তরাষ্ট্রে আরও বেড়ে গেছে মুসলিমবিদ্বেষ। এর মধ্যে ওবামার মসজিদে যাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্ববহ। ওবামার পরিদর্শনকালে ওই মসজিদে প্রায় ২০০ মার্কিন মুসলিম প্রতিনিধি ছিলেন। তাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি, আপনারা এ দেশের জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত। আপনারা শুধু মুসলিম নন, অথবা শুধু আমেরিকান নন। আপনারা একই সঙ্গে মুসলিম ও আমেরিকান।’
বাল্টিমোরের যে মসজিদে ওবামা ভাষণ দেন, সেটি আমেরিকার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মসজিদ। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়, তার আনুষ্ঠানিক ভাষণের আগে ওবামা মসজিদের ইমাম ইয়াসিন শেখ এবং অলিম্পিকে একমাত্র মার্কিন নারী মুসলিম সদস্য ইবতিহাজ মোহাম্মদের সঙ্গে আলাদা করে কথা বলেন। মুসলিম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন, ‘একজনের বিশ্বাস আক্রান্ত হলে সবার বিশ্বাসই আঘাত পায়।’
ভাষণের শুরুতেই ওবামা বলেন, প্রথমেই আমি দুটি শব্দ বলতে চাই, যা মুসলিম আমেরিকানরা প্রায়ই শোনেন না আর সেটি হল : ‘আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘আমাদের কমিউনিটির সেবার জন্য আপনাদের ধন্যবাদ, প্রতিবেশীদের জীবনমান উন্নয়ন ও একটি আমেরিকার পরিবার হিসেবে আমাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য আপনাদের ধন্যবাদ।’ মসজিদে দেয়া ভাষণে ওবামা বলেন, ‘আমাদের দেশে ইসলামবিদ্বেষী বাগাড়ম্বরের কোনো স্থান নেই।’ তিনি রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই তার সমালোচনা করে বলেন, ‘কিছু রাজনীতিক ইসলাম সম্পর্কে খোঁড়া রাজনৈতিক বাগাড়ম্বর চালাচ্ছেন।’ তিনি মুসলিম আমেরিকানদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘তাদের অনেকেই আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন ও দেশপ্রেমিক।’
ওবামা বলেন, ‘একদম শুরু থেকেই মুসলিমরা এ দেশ গড়ায় অংশ নিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কোনো সন্ত্রাসী হামলার পরই আমেরিকার মানুষ মুসলিমদের নাম শুনতে পায়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার।’ তিনি বলেন, ‘মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে ইতিবাচক মুসলিম চরিত্র দেখানো উচিত।’ তিনি স্মরণ করিয়ে দেন, ‘একটা সময় ছিল যখন এ দেশের টিভিতে কালো মানুষদেরও দেখা যেত না।’

No comments:

Post a Comment