Thursday, February 18, 2016

এক মাসে মোবাইল গ্রাহক কমল সাড়ে ১৭ লাখ

গত জানুয়ারি মাসে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৭ লাখ ৬৪ হাজার কমেছে। তবে এ মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৪৭ হাজার।
বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি এ তথ্য প্রকাশ করেছে।
এতে দেখা গেছে, জানুয়ারি মাসে দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার। ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার। এক মাসে গ্রাহক কমেছে ১৭ লাখ ৬৪ হাজার।
জানুয়ারিতে রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক বেড়েছে ৬৮ হাজার। ডিসেম্বরে টেলিটকের গ্রাহক ৪১ লাখ ৪৩ হাজার ছিল, এক মাস পর তা হয়েছে ৪২ লাখ ১১ হাজার।
এছাড়া অন্য পাঁচটি বেসরকারি অপারেটরের সবারই গ্রাহক কমেছে। অপারেটরদের মধ্যে এক মাসে সবচেয়ে বেশি গ্রাহক কমেছে রবির। রবির গ্রাহক কমেছে ৫ লাখ ২২ হাজার। ডিসেম্বরে রবির গ্রাহক ছিল ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার, জানুয়ারিতে তা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার।
বাংলালিংকের গ্রাহক কমেছে ৪ লাখ ৯৭ হাজার। এদের গ্রাহক ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার থেকে কমে হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৬৮ হাজার।
গ্রামীণ ফোনের (জিপি) গ্রাহক কমেছে ৪ লাখ ৭৫ হাজার। ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার থেকে জানুয়ারিতে জিপির গ্রাহক হয়েছে ৫ কোটি ৬২ লাখ ৪ হাজার।
এয়ারটেলের গ্রাহক কমেছে ২ লাখ। জানুয়ারিতে এয়ারটেলের গ্রাহক এক কোটি ৫ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে, এক মাসে আগে এ সংখ্যা ছিল এক কোটি ৭ লাখ ১০ হাজার।
সিটিসেলের গ্রাহক কমেছে এক লাখ ৪০ হাজার। ডিসেম্বর মাসে সিটিসেলের গ্রাহক ১০ লাখ ৭ হাজার থাকলেও পরের মাসেই তা হয়েছে ৮ লাখ ৬৭ হাজার।
অন্যদিকে ডিসেম্বরে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার থাকলেও জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫ কোটি ৬১ লাখ ৬৭ হাজার।
তবে ২০ লাখ ৪৭ হাজারের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীই বেড়েছে ১৯ লাখ ৭৮ হাজার। ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ১৪ লাখ ৫৩ হাজার থাকলেও জানুয়ারিতে এ সংখ্যা ৫ কোটি ৩৪ লাখ ৩১ হাজার।
অন্যান্য ইন্টারনেট গ্রাহক (ওয়াইম্যাক্স, আইএসপি ও পিএসটিএন) ৬৯ হাজার বেড়েছে। এ ধরনের ইন্টারনেট গ্রাহক ডিসেম্বরে ২৬ লাখ ৬৬ হাজার থাকলেও পরের মাসেই তা হয়েছে ২৭ লাখ ৩৭ হাজার।

No comments:

Post a Comment