Wednesday, February 10, 2016

কবরে দেয়ার আগে কেঁদে উঠল শিশু!

চিকিৎসকরা আগেই বলে দিয়েছেন, প্রাণ নেই। এরপর শূন্যেরও ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে মাপমাত্রার মর্গে কেটে গেছে এক রাত। সকালে যখন তাকে কবর দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে সময়েই হঠাৎ ধুকপুক করে উঠল একরত্তি দেড় মাসের শিশু কন্যার বুক। তার দেহে প্রাণ ফিরে এল! খবর মিরর। কোনও কল্প-কথা নয়, একেবারে সত্যি ঘটনা ঘটেছে পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের পানানে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ওই খবর দিয়ে জানিয়েছে, কবরানের কর্মীরা যখন ওই শিশুটিকে কবর দেয়ার তোড়জোড় করছিলেন, তখন হঠাৎ সেই শিশুটি কেঁদে ওঠে।
সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান শিশুটির বাবা-মাকে। তারা ছুটতে ছুটতে আসেন। শিশুটিকে নিয়ে যান একটি হাসপাতালে। সেখানে তাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
শিশুটিকে দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে গিয়েছে পানান হাসপাতালের চিকিৎসকদের। চিকিৎসক চেন সুয়ানগুয়া বলেছেন, 'আমি জীবনে কখনও এমন ঘটনার কথা শুনিনি। মিরাক্ল!'
জানুয়ারি মাসে এই হাসপাতালেই জন্মেছিল শিশুটি। জন্মের সময়েও কিছু শারীরিক ত্রুটি ছিল বলে টানা ২৩ দিন সদ্যজাতকে রাখা হয়েছিল ইনকিউবিটরে।
হৃদ-স্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ ফেব্রুয়ারি শিশুটিকে ‘মৃত’ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মর্গে পাঠানোর আগে তাকে মোটা দুটি কাপড়ে মুড়ে দিয়েছিলেন তার বাবা।
চিকিৎসকরা মনে করছেন, হয়তো সেটাই মর্গের হাড়-জমানো ঠাণ্ডার হাত থেকে কিছুটা বাঁচিয়েছিল শিশুটিকে!
শিশুটির বাবা জিন হুয়া লু চীনা গণমাধ্যমকে জানান, ২৩ দিন আগে তার সদ্যজাত শিশুকে হাসপাতালের ইনকিউবিটরে রাখা হয়েছিল। তখন তাকে মৃত ঘোষণা করা হয়। টেলিভিশনের খবরে এখন আবার তাকে ফিরে পেলাম। তার অবস্থা এখন স্থিতিশীল।

No comments:

Post a Comment