Wednesday, February 10, 2016

জিতলেন স্যান্ডার্স, ট্রাম্প: হারলেন হিলারি

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারিতে পরাজিত হলেন ডেমোক্রেট দলের শীর্ষ স্থানীয় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। তাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স। পরাজিত হওয়ার পরও তাকে অভিনন্দন জানিয়েছেন হিলারি ক্লিনটন। বলেছেন, বাকি প্রাইমারিগুলোতেও তিনি প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখবেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করে রাজনীতি তথা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান শিবির থেকে তিনি বিজয়ী হয়েছেন।  দলীয় মনোনয়নের এই প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে পরাজিত করা ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার বলেছেন, এই বিজয় বলে দেয় মানুষ বাস্তব পরিবর্তন চায়। নির্বাচনে রিপাবলিকান শিবির থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওহাইও’র গভর্নর জন কাসিচ। এ দলের বাকি প্রার্থীরা রয়েছেন কড়া প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার সিনেটর মারকো রুবিও।  গত সপ্তাহে আইওয়া রাজ্যের ককাস নির্বাচনে প্রথমবার ভোট গ্রহণ হয়। তাতে বার্নি স্যান্ডার্সকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন হিলারি ক্লিনটন। আর ডোনাল্ড ট্রাম্পকে ধরাশারী করেন টেড ক্রুজ। এর পরেই হবে সাউথ ক্যারোলাইনা ও নেভাদায় প্রাইমারি নির্বাচন। তাতে এ দুটি নির্বাচন  প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার নিউ হ্যাম্পশায়ারে প্রথমবারের মতো বিজয় পেলেন নিউ ইয়র্কের ব্যবসায়ী, ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগে কখনও সরকারি কোন পদে আসীন ছিলেন না। তিনি নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হয়ে ডেমোক্রেট দলের বিজয়ী বার্নি স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, শতকরা ৫০ ভাগ ভোট গণনায় দেখা যায়, ডেমোক্রেট শিবিরের প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে দুই অংকের সংখ্যায় এগিয়ে আছেন। কয়েক মাস ধরেই এ রাজ্যে তিনি জনমত জরিপে এগিয়ে ছিলেন। বিবিসির সাংবাদিক অ্যান্থনি জুরচার বলছেন, নিউ হ্যাম্পশায়ারে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। বার্নি স্যান্ডার্স বিকশিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাইমারি ও ককাস কি জিনিস তা নিয়ে প্রশ্ন জাগতে পারে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এ দুটিই হলো প্রাথমিক নির্বাচন। এর মাধ্যমে প্রতিটি দল তাদের দলীয় প্রার্থী নির্বাচন করে। ককাস হলো ধারাবাহিক বৈঠক, যেখানে ভোটাররা পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে থাকে। সাধারণত নিবন্ধিত ভোটার, কোন দলের প্রতি অনুগত, এমন ভোটাররাই এতে অংশ নিতে পারেন। অন্যদিকে প্রাইমারিও এক রকমের ভোট। এর আয়োজন করে রাজ্য সরকার। সেখানে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেযা হয়। প্রতিটি প্রাইমারি বা ককাসে বিজয়ী প্রার্থী ওই রাজ্যের ডেলিগেটস পেয়ে যান। তারা জুলাইয়ে দলীয় কনভেনশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেন।

No comments:

Post a Comment