Wednesday, February 10, 2016

কক্সবাজারের ইসলামাবাদে জমি দখল নিয়ে গুলি বিনিময় - আহত ৩

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর: কক্সবাজার সদরের ইসলামাবাদে জমি দখল নিয়ে প্রতিপক্ষের উপর্যুপরী হামলা ও গুলিতে নারীসহ আহত হয়েছে ৩ জন। এসময় দুর্বৃত্তরা বসতবাড়ী ভাঙচুর পূর্বক প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার পূর্বক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩টার সময় এ ঘটনা ঘটে ইউনিয়নের পূর্ব গজালিয়া নামক স্থানে। আহতরা হলেন, একই এলাকার ছগির আহমদের পুত্র নুরুল হক বাবুল, তার মা কালু বেগম ও স্ত্রী হামিদা বেগম। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ঈদগাঁওস্থ একটি কিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সদর হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, উক্ত এলাকার ছগির আহমদের পৈত্রিক সূত্রে পাওয়া কিছু জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় কিছু ভূমিদস্যুদের। তারা প্রায় সময় এ জায়গাটি জবর দখলের চেষ্টা চালায়। একই কায়দায় ঘটনার দিন স্থানীয় আমানুল হকের ছেলে আবু তৈয়বের নেতৃত্বে প্রায় ৬০/৭০ জনের দুর্বৃত্তদল ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে দখলের চেষ্টা করে। এসময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে বাড়ির মালিক বাবুল, তার মা কালু বেগম ও স্ত্রী হামিদা বেগমকে উপর্যুপরী হামলা করে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ছগির আহমদের পুত্র সাইফুল ইসলাম জানায়, জায়গা দখলে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তাদের বসতঘরে ব্যাপক হামলা ও লুটপাট চালায়। এসময় বাড়িতে রক্ষিত সিমেন্টের বস্তা, লোহার রড, বাড়ির আসবাবপত্র, গৃহপালিত পশুসহ নগদ টাকা-পয়সা নিয়ে চাঁন্দের গাড়ী যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অপরদিকে অভিযোগ উঠা আবু তৈয়বের সাথে যোগাযোগ করা হলে তিনি তাদের ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়েছিল বলে জানায়। পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করলেও গুলিবর্ষণের বিষয়টি জানেন না বলে জানায়। স্থানীয় এমইউপি জসিম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি ঐদিন বাড়িতে ছিলেন না বলে ঘটনার ব্যাপারে অবগত নন। সংঘটিত ঘটনায় উভয়পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment