Wednesday, February 24, 2016

দশ পৌরসভায় ৪৬ মেয়রসহ প্রার্থী ৬০৭

দ্বিতীয় ধাপে নির্বাচন
নির্বাচনের দ্বিতীয় ধাপে ১০ পৌরসভায় মেয়র পদে ৪৬ জনসহ মোট ৬০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২৮ জন রয়েছেন। এ নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩০ জন প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ১৬ জন। যদিও প্রথম ধাপের নির্বাচনে ২০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। সোমবার সংশ্লিষ্ট পৌরসভায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার প্রার্থীদের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মার্চ এ ১০ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় ধাপে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠি, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কবিরহাট, ফেনীর সোনাগাজী, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে নির্বাচন হবে। আইন অনুযায়ী পৌরসভায় মেয়র পদে দলীয় প্রতীকে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন হওয়ার কথা। আওয়ামী লীগ ও বিএনপি সবকটি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে। এছাড়া জাতীয় পার্টি ৪টি, ইসলামী আন্দোলন ৫টি, ইসলামী ঐক্যজোট ১টিতে প্রার্থী দিয়েছে। মেয়র ছাড়াও এ ১০ পৌরসভার ৯৩টি সাধারণ ওয়ার্ড এবং ৩১টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন হবে। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৯২৮ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৭৬টি ও ভোটকক্ষ ১ হাজার ৪টি।
সংশ্লিষ্টরা আরও জানান, হারাগাছ পৌরসভায় ৪ জন মেয়র, ৩৮ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৫৬ জন প্রার্থী রয়েছেন। কালীগঞ্জে ৬ জন মেয়র, ৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলরসহ মোট ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ঝালকাঠিতে ৩ জন মেয়র, ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ২০ জন সংরক্ষিত কাউন্সিলরসহ মোট ৬২ জন; ভাঙ্গায় ৫ জন মেয়র, ৩৫ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৫২ জন; নাঙ্গলকোটে ৫ জন মেয়র, ৩২ জন সাধারণ কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৪৪ জন; ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন মেয়র, ৭২ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৯২ জন; কবিরহাটে ২ জন মেয়র, ৪০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৫২ জন; সোনাগাজীতে ৬ জন মেয়র, ৩৮ জন সাধারণ কাউন্সিলর ও ৮ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৫২ জন; চকরিয়ায় ৪ জন মেয়র, ৫০ জন সাধারণ কাউন্সিলর ও ২০ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৭৪ জন এবং মহেশখালীতে ৫ জন মেয়র, ৩৫ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলরসহ ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাঙ্গলকোট পৌরসভার ৩নং সংরক্ষিত ওয়ার্ডে একজন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করতে যাচ্ছে কমিশন।

No comments:

Post a Comment