Wednesday, February 24, 2016

বিতর্ক করুন সংসদ অচল করবেন না : প্রণব

লোকসভার বাজেট অধিবেশন শুরু
বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদ সচল রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মঙ্গলবার যৌথ অধিবেশনের ভাষণে প্রণব বলেন, সংসদ বিতর্ক করার জায়গা। সেই বিতর্ক হবে গণতান্ত্রিক মেজাজে। কেউ সংসদ পণ্ড করার চেষ্টা করবেন না। এ সময় বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যের দিক তুলে ধরেন প্রণব। এবারের বাজেট অধিবেশন গঠনমূলক হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। খবর ফার্স্ট পোস্ট ও ডেইলি নিউজ অ্যানলাইসিসের। সংসদের শীতকালীন অধিবেশনের (২৬ নভেম্বর-২৩ ডিসেম্বর) প্রায় প্রতিটি দিনই পণ্ড হয়েছিল অসহিষ্ণুতা ইস্যুতে বিরোধী দলের কঠোর অবস্থানে। এবার জেএনইউ, জাঠ আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে বাজেট অধিবেশনেও বিরোধীরা সংসদ অচল করতে পারেন- এই আশংকা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তাই অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘সংসদে কী হতে চলেছে, তা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে রয়েছে বিশ্বও। আমি আশা করি, সংসদের সময়ের যথোচিত ব্যবহার হবে এবং সুসংগঠিত আলাপ-আলোচনা হবে।’ আগামী সোমবার সংসদে ২০১৬ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ বাজেটের আকার সম্পর্কে এখনও তেমন কিছু প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথাও নিজের অভিভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘জনধন যোজনা’ প্রকল্প সফল হয়েছে। জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে স্বচ্ছ ভারত অভিযান। দেশের চার লাখ ১৭ হাজার প্রাথমিক স্কুলে শৌচাগার তৈরি হয়েছে। ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। মঙ্গলবারেই সংসদবিষয়ক মন্ত্রী বেঙ্কইয়া নাইডু সংসদের রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের নিয়ে সর্বদলীয় বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে উপস্থিত ছিলেন। এতে সংসদবিষয়ক মন্ত্রী বলেন, ‘বাজেট অধিবেশন যাতে সফল হয় তা সুনিশ্চিত করার জন্য পারস্পরিক সহযোগিতার মনোভাব বিশেষ প্রয়োজন।’ এদিকে জমি অধিগ্রহণ আইনে পরিবর্তনের বিরুদ্ধে আজ থেকে দিল্লিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে। এতে বাড়তি মাথাব্যথা শুরু হয়েছে কেন্দ্রের। কংগ্রেসসহ বিরোধীরা তাকে সমর্থন দিয়েছে। জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স কৃষকের স্বার্থবিরোধী হওয়ার অভিযোগে বিরোধীরা একজোট হওয়ায় বিপাকে পড়েছে সরকার। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, জেডিইউ, আরজেডি এবং বামরা এই অর্ডিন্যান্সের তীব্র বিরোধী।

No comments:

Post a Comment