Wednesday, February 24, 2016

সৌদি বিমান ছিনতাইয়ের আশংকা

সতর্ক বাংলাদেশ
সৌদি এয়ারলাইন্সের বিমান ছিনতাই কিংবা বিমানে বোমা হামলার আশংকা করছে সৌদি আরব। ঢাকায় সৌদি দূতাবাসের পক্ষ থেকে চিঠি দিয়ে এমন আশংকার কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি এয়ারলাইন্সের সব যাত্রী ও লাগেজ তল্লাশি জোরদার করা হয়েছে। ইরানি রেভ্যুলেশনারি গার্ড এ হামলা পরিচালনা করতে পারে বলে সৌদি আরবের পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয়েছে।
সৌদি দূতাবাসের কূটনৈতিক পত্র (নোট ভারবাল) পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহকারী সচিব এবিএম সারওয়ারি আলম সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে ৩১ জানুয়ারি একটি চিঠি পাঠান। চিঠির একটি কপি মঙ্গলবার যুগান্তরের হাতে পৌঁছেছে। চিঠির বিষয়, ‘সৌদি এয়ারলাইন্সের বিমান ছিনতাই কিংবা ফ্লাইটে বিস্ফোরক হামলার পরিকল্পনা।’ এতে বলা হয়, ‘২৪ জানুয়ারি ঢাকায় সৌদি দূতাবাস উপরোক্ত বিষয়ে একটি নোট ভারবাল দিয়েছে। ছিনতাই কিংবা হামলার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি দল সক্রিয় রয়েছে। তাদের মধ্যে ছয়জন তুরস্ক হয়ে দুটি পৃথক ফ্লাইটে পূর্ব এশিয়ার উদ্দেশে রওনা হয়ে গেছেন। সৌদি দূতাবাস আশংকা প্রকাশ করছে যে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এসব বিষয়ের উল্লেখ করে এই পরিস্থিতিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী ও লাগেজ কঠোরভাবে তল্লাশি এবং পরীক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়। সূত্র মতে, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বৈঠক হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী ও লাগেজ পর্যাপ্ত তল্লাশি চালানো হবে। ঢাকা থেকে সপ্তাহে বিভিন্ন গন্তব্যে সৌদি এয়ারলাইন্সের কমপক্ষে ১৮টি ফ্লাইট পরিচালিত হয়। বেশিরভাগের গন্তব্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্য। জানতে চাইলে চিঠি পাওয়ার কথা স্বীকার করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মঙ্গলবার যুগান্তরকে বলেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি। চিঠিতে বাংলাদেশের কথা কোনো কিছু বলা হয়নি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে হামলার আশংকা প্রকাশ করা হয়েছে। আমাদের ইনফরমেশন শেয়ার করার জন্যে এ চিঠি দিয়েছে।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। তবে পররাষ্ট্র সচিব শহীদুল হক যুগান্তরকে বলেন, বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের বিমান ছিনতাই কিংবা হামলার আশংকার কোনো চিঠি সৌদি দূতাবাস দেয়নি।
বর্তমানে সৌদি আরব ও ইরানের মধ্যে বৈরিতা চরমে পৌঁছেছে। সৌদি আরবে একজন শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে অগ্নিসংযোগ করা হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের পক্ষ থেকে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রতি ইঙ্গিত করে সৌদি বিমান ছিনতাইয়ের আশংকা ব্যক্ত করা হয়।

No comments:

Post a Comment