Wednesday, February 24, 2016

বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ ভাংচুর : আহত ৭০ - ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

দশমিনার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে
সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর
চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা
পটুয়াখালীর দশমিনা, বরগুনার আমতলী, কুমিল্লার বুড়িচং, ভোলাসহ বিভিন্ন স্থানে ইউপি নির্বাচনে জনসংযোগকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক স্থানে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ৭০ জন আহত ও আটক হয়েছেন বেশ কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বরিশালের গৌরনদীতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। পটুয়াখালীর দশমিনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটে। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাউফল (পটুয়াখালী) : ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলার ধূলিয়া ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনিচুর রহমান ও বিএনপির মনোনীত প্রার্থী আবদুল জব্বার মৃধার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক চেয়ারম্যান প্রার্থীসহ দু’পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাকিব, রুম্মান ও সুমন নামে তিন সহোদরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় দু’পক্ষের দুটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়েছে এবং দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলা সদর ইউনিয়নে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র ফরম দাখিলের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক-কর্মীদের মধ্যে গণসংযোগের সময় দফায় দফায় হামলা, ভাংচুর ও সংঘর্ষ হয়েছে। হামলা-সংঘর্ষে আটজন আহত হন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন ও দলীয় মনোনীত প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়ের সমর্থক ও নেতাকর্মীরা উপজেলার আরজবেগী বাজারে গণসংযোগের সময় সোমবার সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়।
ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবার বিকালে স্থানীয় রতনদিয়া বাজারসংলগ্ন একটি এনজিও অফিসে দলের বর্ধিত সভা চলাকালে এ ঘটনা ঘটে। আসন্ন ইউপি নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের জন্য ঘোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে এ বর্ধিত সভা শুরু হয়।
আমতলী (বরগুনা) : সোমবার সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার তালুকদার বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হন। এ সময় দুটি দোকান ভাংচুর করা হয়।
সোমবার সকালে হলদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের সমর্থক রোকনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের সমর্থক খোকনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় রোকনের লোকজন তালুকদার বাজারের পূর্বদিকের ব্রিজের ওপর অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বুড়িচং (কুমিল্লা) : বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান লিটনের বাড়িঘরে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে। তারা ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। এ সময় শিশুসহ তিনজন আহত হন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বুড়িচং থানায় একটি মামলা করা হয়।
ভোলা (দক্ষিণ) : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কবির চেয়ারম্যানর সঙ্গে থাকা আরও চারজন আহত হয়েছেন। আহতদের অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোয়েব হোসেন মামুনের লোকজন তাদেরকে মারধর করেছে। এদিকে মামুনকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া : জেলার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীকে হত্যা করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে হত্যার এ হুমকি দেয়া হয়। মঙ্গলবার এ ঘটনায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ আলী জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন।
বরিশাল : মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি দিয়ে গৌরনদীতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর চালিয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন। সোমবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির খাঞ্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক অভিযোগ করেন, সোমবার তিনি মনোনয়নপত্র দাখিলের পর রাতে তার চীন প্রবাসী ভাই মো. শামসুল আলমের সঙ্গে ঘরে বসে কথা বলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূর আলম সেরনিয়াবাতের শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) : কোটচাঁদপুরে বলুহর ইউনিয়নের জামায়াত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শাহ আলমের প্রস্তাবকারী কবির হোসেনকে পুলিশ উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করে। তার বাড়ি কাগমারী গ্রামে।
ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন পরিষদে তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে অন্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। ফুলপুর উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দও মনোনয়ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বোয়ালমারী (ফরিদপুর) : উপজেলার ঘোষপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক বর্তমান চেয়ারম্যান এসএম ফারুক হোসেন ও অপর মনোনয়নপ্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফারুকের তিন সমর্থক পুবিলা গ্রামের টিটু (২৫), তোফাজ্জেল (৫০), ঘোষপুর গ্রামের রফিক মোল্লা (৫০) ও আতিয়ার সমর্থক উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা আহত হন।
উজিরপুরে ইউএনও বলেন উৎকোচ বেআইনি নয় : উজিরপুর প্রতিনিধি জানান, বরিশালের উজিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জল্লা এবং ওটরা ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ সোমবার রাত ৯টা পর্যন্ত সাধারণ সদস্য প্রার্থীদের কাছ থেকে উৎকোচের বিনিময়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত শত শত মানুষ তার অফিসের সামনে বিক্ষোভ করেন। রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা ঘটনাস্থলে পৌঁছে সার্বিক ঘটনা অবহিত হয়ে এটা কোনো অন্যায় বা বেআইনি কাজ নয় বলে সাংবাদিকদের জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
জয়পুরহাটে রাজাকারের সন্তানদের মনোনয়ন না দেয়ার দাবি : জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ, মাত্রাই ও পুনট ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে তিনজন রাজাকারের সন্তান রয়েছে- এমন অভিযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে তাদের মনোনয়ন না দেয়ার দাবি জানিয়েছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রত্যাশী তিন প্রার্থী এবং তাদের সমর্থকরা। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক ফকির।

No comments:

Post a Comment