আবু বক্কর ছিদ্দিকঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে উপর্যুপরী
ছুরিকাঘাত ও দায়ের কোপে আহত করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনায় জড়িত
থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ২০
ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে দরগাহ পাড়া বাজার সংলগ্ন
এলাকায়। আহত নুর মোহাম্মদ (৩৬) মধ্যম ভাদিতলা এলাকার এনায়েত আলী হেডম্যানের
পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও বাজারস্থ জালালাবাদ
উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায়
কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযোগে জানা যায়, প্রতিদিনের ন্যায়
আহত নুর মোহাম্মদ সকালে নাস্তা করতে দরগাহ পাড়া বাজার সংলগ্ন এলাকায় মোটর
সাইকেল থামিয়ে একটি দোকানে বসে। ঐ সময় স্থানীয় মোক্তার আহমদের পুত্র মনছুর
আলম, ফারুক, হারুন, সেলিম ও সাদ্দামের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার ভাইকে
হত্যার উদ্দেশ্যে উপর্যুপরী ছুরিকাঘাত ও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম পূর্বক
মোটর বাইকটি নিয়ে পূর্ব দিকে চলে যায়। আহত নুর মোহাম্মদের শোর চিৎকারে
স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা হকিস্টিক ও দা উঁচিয়ে পাহাড়ের দিকে
পালিয়ে যায়। আহতের ভাই নুরুল আজিম জানান, স্থানীয় মনছুর আলম প্রকাশ কালা
বদার নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। একই দিন
পূর্বের মত চাঁদা দাবী করলে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা
তাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরী দা ও ছুরি দিয়ে কোপায়। সংঘটিত ঘটনায় মামলা
দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করলেও
তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম
ঘটনা শুনেছেন বলে জানান। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য
পাওয়া যায়নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment