Saturday, February 6, 2016

খালেদা জিয়ার বাসা ঘেরাওয়ের চেষ্টা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালিয়েছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় তারা ফিরে যান।
আজ শনিবার সকাল ১০টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর গুলশান-২ নম্বরে জড়ো হয়ে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে কর্তব্যরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ গিয়ে তাদের সাথে কথা বলেন। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয়া হলে বনানী মাঠ সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করছে। তবে পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা গুলশান ছেড়ে বনানী এলাকায় বিক্ষোভ করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, কূটনৈতিক পাড়ায় নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়া হয়েছে। বনানী মাঠ সংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের চলে যেতে বলা হয়।
বনানী মাঠে সমাবেশ করে কর্মসূচির সমাপ্তি টানে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’। এতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজও বক্তব্য রাখেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অপরাধ কম হয়েছিল এটা বিএনপি নেত্রী প্রমাণ করতে চাচ্ছেন। তাই মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি (খালেদা জিয়া) মনে করেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা কমাতে পারলে বুঝি পাকিস্তানের অপরাধ কমে যাবে।
সমাবেশে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আরাফাত বলেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের সাথে সুর মিলিয়ে কথা বলছেন। তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এই নেত্রীকে উৎখাত করতে পারলে দেশে আর কোনো সমস্যা থাকবে না। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ রাজনীতি চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করবেন আর স্বাধীন বাংলাদেশের মানুষ বসে থাকবে, তা হবে না। এমন আইন চাই, রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন সেটা নিয়ে কেউ কথা বলতে পারবে না।

No comments:

Post a Comment