Sunday, February 21, 2016

সাত মাসে বেনাপোলে রফতানি বেড়েছে দ্বিগুণ

চলতি ২০১৫-১৬ অর্থবছরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে গত বছরের তুলনায় রফতানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এই বন্দর দিয়ে রফতানি হয়েছে ২ লাখ ৪৭ হাজার ২৭৬ মেট্রিক টন পণ্য। গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৭৮৩ মেট্রিক টন পণ্য।
ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, আগে ব্যবসায়ীরা বেশিরভাগ পণ্য আমদানি করতেন। কিন্তু এখন অনেক পণ্য দেশেই উৎপাদন হচ্ছে। যে কারণে আমদানি কমলেও রফতানি দিনে দিনে বাড়ছে।
যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, 'আমাদের দেশ রফতানিতে ভালো করছে। আগে সব ধরনের পণ্যের কাঁচামাল আমদানি করা লাগতো, কিন্তু এখন দেশেই অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। যে কারণে রফতানি বাণিজ্য বাড়ছে।'
দেশের শতভাগ রফতানিমুখি প্রতিষ্ঠান প্যাসিফিক এ-ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান টিটো জানান, 'আট থেকে ১০ বছর আগেও আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি করতাম। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। আমদানির বদলে দেশেই গড়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠান। যেখানে দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা হচ্ছে।'
বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খান জানান, রফতানি বাড়ার কারণ হলো দেশেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। যারা আগে আমদানি করত, এখন নিজেরাই পণ্য উৎপাদন করছে। বেনাপোল দিয়ে পাটজাত পণ্য, গামেন্টস, প্লাস্টিক পণ্যসহ অন্যান্য পণ্যের চাহিদা থাকায় ভারতে এর রফতানি বাড়ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিশেনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল দিয়ে পাটজাত পণ্য, কুড়া ও গার্মেন্টস পণ্য বেশি রফতানি হয়ে থাকে। গত বছরের শেষ সময়ে টানা হরতাল আর অবরোধ চলার কারণে রফতানিকারকরা পণ্য রফতানি করতে পারেনি। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরা রফতানি বাড়িয়েছেন।

No comments:

Post a Comment