Thursday, February 11, 2016

চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড ও চা বোর্ডের শীর্ষ পদে নতুন মুখ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, কোস্টগার্ডের মহাপরিচালক ও চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। তাকে প্রেষণে এ নিয়োগ দিতে তার চাকরি নৌ-মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। কোস্টগার্ডের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সহকারী নৌ-প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। প্রেষণে কোস্টগার্ডের মহাপরিচালক নিয়োগ দিয়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালেয় ন্যস্ত করা হয়েছে। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসনকে নৌবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। আর চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে সেনাবাহিনীর যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। প্রেষণে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান নিয়োগে করে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আজমল কবীরকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।

No comments:

Post a Comment