Sunday, February 21, 2016

প্রেরণার একুশে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত
অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। জাতির জীবনে অবিস্মরণীয় ও চিরভাস্বর দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃংখলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা- বাংলা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।
একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। সবার কণ্ঠে বাজছে একুশের অমর শোকসঙ্গীত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...।'
বাংলাদেশের পাশাপাশি ইউনেস্কোর ১৯৫টি সদস্য এবং নয়টি সহযোগী সদস্য রাষ্ট্রের ৬ হাজার ৯০৯টি ভাষার মানুষ পালন করছে এই দিবস।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে, খালি পায়ে আবালবৃদ্ধবনিতা সবাই শামিল হন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য।
শুধু ঢাকাতেই নয়, সারা দেশের স্কুল-কলেজ, জেলা ও থানা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা, মর্যাদা ও শ্রদ্ধা জানাতে গোটা জাতি অবনত মস্তকে নীরবে দাঁড়িয়ে ছিল শহীদ মিনারে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ, বিএনপি নেত্রী খালেদা জিয়া আলাদা বাণী দিয়েছেন।
শ্রদ্ধা নিবেদন
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা এবং আওয়ামী লীগ ও ১৪ দলের সিনিয়র নেতারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা জানান সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর একসঙ্গে শ্রদ্ধা জানান তিন বাহিনীপ্রধানরা। শ্রদ্ধা জানান পুলিশপ্রধান, র‌্যাব মহাপরিচালকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। এরপর শ্রদ্ধা জানান আনসার ও ভিডিপি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।
রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কালোব্যাজ ধারণ করে, খালি পায়ে প্রভাত ফেরিসহ আবালবৃদ্ধবণিতা সবাই শামিল হন শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে।
শুধু ঢাকায় নয়, সারা দেশের স্কুল-কলেজ, জেলা ও থানা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ।
আজ সরকারি ছুটির দিন। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। একই সঙ্গে সর্বত্র উড়ানো হয়েছে শোকের কালো পতাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচিতে অংশ নেয়া সবাই বুকে ধারণ করেছে কালোব্যাজ। সংবাদপত্র, টেলিভিশন ও বেতারে ভাষা দিবসের বিশেষ ক্রোড়পত্র ও অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে।
মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে বরণ করেছে গভীর শ্রদ্ধায়। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বিশ্বের সব জাতিসত্তার ভাষা রক্ষার দিন হিসেবে জাতিসংঘ বেছে নেয় একুশে ফেব্রুয়ারিকে।

No comments:

Post a Comment