Sunday, February 14, 2016

পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দেয়ার সিদ্ধান্তে নাখোশ ভারত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আটটি নতুন এফ-১৬ যুদ্ধবিমান পাকিস্তানের কাছে বিক্রির সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মাকে ডেকে শুক্রবার ওই আপত্তির কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব ড. এস জয়শঙ্কর। ৬৯৯ মিলিয়ন ডলার মূল্যের আটটি এফ-১৬ যুদ্ধবিমান পাকিস্তানকে বিক্রি করার প্রস্তাবে সিলমোহর দিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে ওবামা প্রশাসন। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে। দিল্লির সাউথ ব্লকে ডেকে নিয়ে জয়শঙ্কর রিচার্ড ভার্মাকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে হতাশ ভারত। পাকিস্তান নতুন এই যুদ্ধবিমানগুলো হাতে পেলে একদিকে যেমন তাদের যুদ্ধবিমানের সংখ্যা বাড়বে, তেমনি নতুন বিমানগুলো প্রশিক্ষণের কাজেও ব্যবহার করবে। খবর দ্যা হিন্দুর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন পাকিস্তানের কাছে আটটি যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে ভারত অত্যন্ত হতাশ। এসব মার্কিন যুদ্ধবিমান দিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলা করবে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তাও প্রত্যাখ্যান করে ভারত।
যুক্তরাষ্ট্রের দাবি, পাকিস্তান এই যুদ্ধবিমানগুলো হাতে পেলে জঙ্গিগোষ্ঠীগুলোকে সহজেই মোকাবিলা করতে পারবে। সেই সঙ্গে পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানে যে নাশকতা চালানো হচ্ছে সেটাও পাকিস্তানের পক্ষে বন্ধ করা সম্ভব হবে। যার ফলে ওই অঞ্চলের অন্য দেশগুলোও উপকৃত হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment