Thursday, February 25, 2016

বরিশালেও রেললাইন নিয়ে যাব -প্রধানমন্ত্রী

বরিশালে রেললাইন স্থাপন করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলাদেশে আমরা রেল যোগাযোগ গড়ে তুলতে চাই। বরিশাল রেল দেখে নাই কখনও। ইনশাল্লাহ আমরা বরিশালেও রেললাইন নিয়ে যাব। তিনি বলেন, পর্যটন অঞ্চল পটুয়াখলীর কুয়াকাটা এবং নতুন বন্দর পায়রা ও খুলনার মংলা বন্দর পর্যন্ত পর্যায়ক্রমে রেল যোগাযোগ স্থাপন করা হবে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ জেলায় ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সিগনালিং ব্যবস্থাসহ টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ৮৪ কিলোমিটার ডাবল লাইন হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ৩২০ কিলোমিটার রেললাইনের ২৪৯ কিলোমিটারই ডাবল লাইনের আওতায় এল। উদ্বোধনের পর মতবিনিময়ের সময় ভৈরব প্রান্তে থাকা রেলমন্ত্রী মুজিবুল হককে বরিশাল বিভাগে রেল লাইন স্থাপনে দ্রুত কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায় ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছয় হাজার পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতের উন্নয়ন, খাদ্য উৎপাদন বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সবার কাছে পৌঁছে দেয়া এবং মৌলিক অধিকারগুলো পূরণ করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পটুয়াখালী জেলায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল ও শেখ জামাল সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিলেট অঞ্চলে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইবিবিআইপি) এর আওতায় নবনির্মিত ১৬টি সেতু উদ্বোধন করেন। এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন এবং  জয়পুরহাট জেলার বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, স্থানীয় সাংসদ, সিটি করপোরেশনের মেয়র ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় গণভবন ও বিভিন্ন জেলায় উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment