Friday, February 5, 2016

জামায়াত নিষিদ্ধের দাবি গণজাগরণ মঞ্চের

আন্দোলন শুরুর পর গণজাগরণের উত্তাল দিনগুলোর একটি
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা সংগঠন গণজাগরণ মঞ্চ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে। শুক্রবার সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি পালনকালে এ দাবি জানায় গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে 'নির্ভয় চিত্তে মুক্তির সংগ্রামে অবিরাম' শীর্ষক দুইদিনব্যপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকালে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরম্ন হয় কর্মসূচি। 'রংতুলিতে স্বপ্নের বাংলাদেশ' শিরোনামে শুরুতেই শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের হাতে রংপেন্সিল, আর্ট পেপার তুলে দিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগ থেকে ৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়।
এরপর বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগ থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি রূপসী বাংলা হোটেলের সামনে থেকে ঘুরে টিএসসি, চারুকলা হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
'জামায়াত নিষিদ্ধ করো/আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না'সহ বিভিন্ন লেখা সংবলিত ফ্যাস্টুন, প্ল্যাকার্ড এবং যুদ্ধাপরাধীদের ব্যাঙ্গচিত্র নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা র‌্যাালিতে অংশ নেন।
র‌্যালি থেকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানানো হয়।
এ সময় বহন করা হয় বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা।
র‌্যালি শেষে জাদুঘরের সামনে উত্তর দিকে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান 'স্মৃতিতে জাগরণ'। এতে মঞ্চের আন্দোলনের সঙ্গে জড়িত কর্মীরা তাদের স্মৃতিচারণ করেন।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মঞ্চের উত্তাল সময়ের বিভিন্ন গান ও দেশের গান পরিবেশন করা হয়।
শনিবার দ্বিতীয় দিনের মতো বর্ষপূর্তির কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
জাগরণ র‌্যালি শেষে ইমরান এইচ সরকার বলেন, 'গত তিন বছর নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা এগিয়েছি। যত বাধাই আসুক গণজাগরণ মঞ্চ এগিয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'আমাদের দাবির প্রেক্ষিতে চারজন যুদ্ধাপরাধীদের বিচার ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং জামায়াত ইসলামী নিষিদ্ধের পথ সুগম হয়েছে।'
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান থেকে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয় যা দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। সেই আন্দোলনের পর আইন সংশোধনের ফলেই পরবর্তীতে আপিল বিভাগের রায়ের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

No comments:

Post a Comment