ফ্ল্যাট
ও প্লট নিবন্ধন-সংশ্লিষ্ট কর ও ফি ১৪ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার দাবি
করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন
অব বাংলাদেশ (রিহ্যাব)। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালোটাকা বা
অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছে সংগঠনটি। জাতীয় রাজস্ব বোর্ড
(এনবিআর) আয়োজিত আগামী ২০১৬-১৭ অর্থবছরের চলমান প্রাক্-বাজেট আলোচনায় গতকাল
বুধবার এসব দাবি বাস্তবায়নের কথা বলেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী
ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক। কালোটাকার
বিষয়ে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী বলেন, ‘আবাসন খাতে বর্তমানে
অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আছে। তবে আমরা চাই, বিনা প্রশ্নে
বিনিয়োগের সুযোগ দেওয়া হোক। এটি না দেওয়ার কারণে সুযোগটি কোনো কাজেই লাগছে
না।’ এ ছাড়া তিনি ইট, বালু, সিমেন্টের মতো বিভিন্ন সরবরাহ প্রতিষ্ঠানের কাছ
থেকে মূসক ও উৎসে কর আদায়ে আবাসন ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার আহ্বান
জানান। নামমাত্র নিবন্ধন ব্যয়ে ফ্ল্যাট ও প্লট ক্রয়ে সেকেন্ডারি বাজার
চালুর দাবি করেন রিহ্যাবের এই নেতা। ঢাকার সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে
দ্বিতীয় দিনের মতো গতকাল ব্যবসায়িক সংগঠনের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায়
বসেন সংস্থাটির কর্মকর্তারা। বেলা সোয়া ১১টায় এনবিআরের চেয়ারম্যানের
অনুপস্থিতিতে সভা শুরু করেন সংস্থার সদস্য মো. ফরিদ উদ্দিন। আধা ঘণ্টা পর
আসেন চেয়ারম্যান নজিবুর রহমান। ২৫ মিনিট পর অন্য একটি সভায় যোগ দিতে চলে
যান তিনি। পরে ফরিদ উদ্দিন সভাটি চালিয়ে নেন। আগের দিনের মতো গতকালও
উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব
আহমাদ। ফরিদ উদ্দিন শুরুতে বলেন, আজ (গতকাল) ১০৭টি ব্যবসায়ী ব্যবসায়িক
সংগঠনকে প্রাক্-বাজেট আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত
মাত্র ২৪টি সংগঠনের প্রতিনিধিকে সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিতে দেখা যায়।
তাঁদের মধ্যে অনেকেই দেশীয় শিল্প রক্ষায় আগামী বাজেটে শুল্ক ও মূসক বিষয়ে
বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি করেন। এ ছাড়া বন্ডের অপব্যবহার বন্ধে কঠোর
ব্যবস্থা নেওয়ার কথাও বলেন কেউ কেউ। প্লাস্টিক পণ্যের অধিকাংশ কাঁচামাল
পেট্রোক্যামিকেলের উপজাত। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমে গেলেও
আমদানি করা কাঁচামাল আগের দামেই শুল্কায়ন করছে কাস্টমস কর্তৃপক্ষ। এমন
অভিযোগ করে প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি
সামিম আহমেদ কাঁচামাল আমদানিতে চলতি দামে শুল্কায়নের দাবি জানান। ইস্পাত
শিল্পের কাঁচামাল ফেরো সিলিকন ম্যাংগানিজ আমদানিতে প্রায় ৪৮ শতাংশ বিভিন্ন
শুল্ক ও মূসক দিতে হয়। একটি দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সুযোগ দিতে এত
শুল্ক আরোপ করা হয়েছে দাবি করেন স্টিল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক
শাহজাহান। তিনি পণ্যটি আমদানিতে পাঁচ হাজার টাকা আমদানি শুল্ক নির্দিষ্ট
করে দেওয়ার প্রস্তাব দেন। বিলেট আমদানিতে নতুন করে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক
শুল্ক দিলেও ১৫ শতাংশ মূসক আরোপ না করা এবং টনপ্রতি ৪০৭ ডলার দাম ধরে
শুল্কায়ন করার দাবি জানায় অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন।
চশমার কাঠামো (ফ্রেম) আমদানিতে মিথ্যা ঘোষণা দেওয়ার প্রবণতা বাড়ছে বলে
অভিযোগ করে সেটি বন্ধের দাবি করেন চশমাশিল্প মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল
হক শিকদার। তিনি বলেন, তাঁর ভাষায় ‘পাঁচ টাকা মূল্য ধরেও চশমার ফ্রেমের
শুল্কায়ন হচ্ছে। পাঁচ টাকায় একটা ফ্রেম বানানো সম্ভব?’ তিনি দেশীয়
চশমাশিল্প বাঁচাতে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক তুলে না দেওয়ার দাবি করেন।
দেশেই দেয়ালঘড়ি তৈরি হওয়ায় ঘড়ি ব্যবসায়ী সমিতি পণ্যটির আমদানি পর্যায়ে
শুল্ক বৃদ্ধি চায়। কাচ ব্যবসায়ী সমিতির দাবি বিভিন্ন এইচএস কোডের আওতাধীন
কাচ আমদানিতে শুল্ক হ্রাস। রাবার কৃষিপণ্য ও শিল্পের কাঁচামাল হওয়ায়
পণ্যটির ওপর থেকে মূসক প্রত্যাহারের দাবি রাবারবাগান মালিক সমিতির। জাহাজ
আমদানিতে অগ্রিম আয়কর ২০০ টাকা এবং টনপ্রতি শুল্ক ৫০০ টাকা করার প্রস্তাব
করেছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। আবদুল মাতলুব আহমাদ বলেন, বড় ও ছোট
ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ তৈরি করার সময় এসেছে। এ সময় এনবিআর
কর্মকর্তাদের বন্ড সুবিধা ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর দাবি করেন
তিনি। ব্যবসায়িক সংগঠনের দাবি ও প্রস্তাবের বিষয়ে এনবিআর সদস্য ফরিদ উদ্দিন
বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবায়ন করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment