![]() |
| সাইফ আলদিন মুস্তাফা |
সাইপ্রাসে
গ্রেপ্তার হওয়া মিসরীয় বিমান ছিনতাইকারী সাইফ আলদিন মুস্তাফাকে গতকাল
বুধবার আট দিনের রিমান্ড দিয়েছেন দেশটির আদালত। গত মঙ্গলবার মুস্তাফা
মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়ারোগামী বিমান ছিনতাই করে তা সাইপ্রাসের
লারনাকা বিমানবন্দরে অবতরণে বাধ্য করেন। পরে তিনি আত্মসমর্পণ করেন পুলিশের
কাছে। গতকাল মুস্তাফাকে লারনাকার আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে বিমান
ছিনতাই, অপহরণ এবং হুমকিমূলক আচরণের অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ছিনতাই হওয়া যাত্রী, ক্রুসহ বিমান থাকা ৮১ জন নির্বিঘ্নেই বিমান
থেকে নেমে যান। বিমানটি লারনাকায় নিয়ে আসার পর ছয় ঘণ্টা ধরে স্থানীয়
কর্তৃপক্ষ মুস্তাফার সঙ্গে সমঝোতার চেষ্টা করে। বিমান ছিনতাইয়ের কারণ
হিসেবে নানা কথা উঠে এলেও এখনো আসল কারণ অস্পষ্ট রয়ে গেছে। সাইপ্রাসের
সরকার মুস্তাফাকে ‘মানসিকভাবে অস্থির’ বলে মন্তব্য করেছে। তাঁর কর্মকাণ্ডে
সন্ত্রাসী কোনো যোগসূত্র নেই বলেও নিশ্চিত করেছে সরকার। গতকাল সাইপ্রাসের
পররাষ্ট্রমন্ত্রী ইয়োনিস কাসোলিদেস বলেন, শুরুর দিকে মুস্তাফা সাইপ্রাসে
থাকা তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলে দাবি করেন। বিস্ফোরকবাহী বেল্ট
আছে—এমন ভয় দেখিয়ে মুস্তাফা বিমানটিকে সাইপ্রাসে নিয়ে যেতে বাধ্য করেন বলে
জানা গেছে। তবে তাঁর কাছে আদতে কোনো বিস্ফোরকই ছিল না।

No comments:
Post a Comment