Sunday, March 20, 2016

পরিণত বয়সেও যাকারিয়া ছিলেন তারুণ্যদীপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী
সিনেট ভবনে গতকাল প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ আবুল
কালাম মোহাম্মদ যাকারিয়ার স্মরণসভায় বক্তব্য
দেন তাঁর ছেলে মারুফ শমসের যাকারিয়া -প্রথম আলো
দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা সদ্য প্রয়াত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, কিছু গুণী মানুষ থাকেন, বুদ্ধিবৃত্তি চর্চার ক্ষেত্রে যাঁদের আবেদন কখনো শেষ হয় না। এই অর্থে তাঁর অকালমৃত্যু হয়েছে। পরিণত বয়সেও তিনি তারুণ্যদীপ্ত হয়ে কাজ করে গেছেন। যেকোনো বিষয় জানা ও জানানোর ক্ষেত্রে তাঁর ছিল অফুরন্ত কৌতূহল।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক স্মরণসভায় উপাচার্য এসব কথা বলেন। ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ স্মরণসভার আয়োজন করে।
একুশে পদকপ্রাপ্ত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ছিলেন একাধারে প্রত্নতাত্ত্বিক, পুঁথিসাহিত্য-বিশারদ ও অনুবাদক। বাংলার শিকড় সন্ধানে আজীবন নিয়োজিত থাকা এই গবেষক গত ২৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
গতকালের স্মরণসভায় এই গুণী ব্যক্তির কর্মময় জীবন নিয়ে আলোচনার পাশাপাশি ছিল তাঁর রচিত ৩০টি গ্রন্থ ও বিভিন্ন সময়ে তোলা আলোকচিত্র নিয়ে দিনব্যাপী প্রদর্শনী।
স্থাপত্যবিষয়ক গ্রন্থ কমিটির চেয়ারম্যান ও উপাচার্য আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ওই স্মরণসভায় যাকারিয়ার সহধর্মিণী রেহানা বেগম, মেয়ে মাসুমা খাতুন, ছেলে মারুফ শমসের যাকারিয়া ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯২২ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া যাকারিয়া ১৯৪৬-৪৭ সালে অনুষ্ঠিত অবিভক্ত বাংলার শেষ বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি শুরু করেন। পরবর্তী সময়ে সরকারের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এবং সর্বশেষ সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদ থেকে ১৯৭৬ সালে অবসর নেন।

No comments:

Post a Comment