Monday, March 28, 2016

সুন্দরবনে আগুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় আগুন লেগেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় এই এলাকার আধা একর জায়গাজুড়ে আগুন লাগে। এদিকে বড় কোনো গাছ ছিল না। ছোট গুল্মগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকালে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, লোকালয় থেকে কেউ এসে এখানে ধূমপান করেছে। সিগারেট বা বিড়ির সেই আগুন থেকেই বনে আগুন লাগতে পারে। সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

No comments:

Post a Comment