মিয়ানমারের
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে রাষ্ট্রের উপদেষ্টার পদ দিতে আজ
বৃহস্পতিবার পার্লামেন্টে প্রস্তাব পেশ করতে যাচ্ছে তাঁর দল ন্যাশনাল লিগ
ফর ডেমোক্রেসি (এনএলডি)। দেশটির পার্লামেন্টের সদস্যরা বলছেন, সুচি
প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্রকারীর ভূমিকা পালন করতে পারেন।
গতকাল বুধবার মিয়ানমারে নতুন যুগের সূচনা হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে
চলা সামরিক শাসনের পর একজন বেসামরিক প্রেসিডেন্ট ক্ষমতায় বসেছেন। তিনি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী থিন কিউ।
সাবেক জেনারেল থেইন সেইনের স্থলাভিষিক্ত হলেন থিন। স্পিকার উ মান ওয়েন খাইং
থান গতকালই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অং সান সু চিকে নিয়োগ করার ঘোষণা দেন।
এ ছাড়া সু চি প্রেসিডেন্টের কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও
জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। তবে সুচির দল চায়, এর পাশাপাশি
তিনি রাষ্ট্রীয় উপদেষ্টার দায়িত্বও পালন করুন। এতে তিনি পার্লামেন্টের
বৈঠক, আলোচনা ও সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারবেন। মিয়ানমারের পশ্চিমাঞ্চল
চীনের জোমি কংগ্রেস ফর ডেমোক্রেসি পার্টির পার্লামেন্ট সদস্য পু গিন কাম
লিয়ানসহ পার্লামেন্টের সদস্যরা উচ্চকক্ষে এই প্রস্তাব পেশ করবেন। আগামী
দিনে প্রস্তাবটির অনুমোদন নিয়ে আলোচনা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment