নিজেকে
এমন উচ্চতায় নিয়ে গেছেন যে লিওনেল মেসি এখন যা করেন সেটাই একটা নতুন
মাইলফলক হয়ে যায়। তবে এত অর্জন আর এত প্রাপ্তির ক্যারিয়ারে অপ্রাপ্তিও তো
কম নয়। এত কিছু করেও যেমন এখনো একটা বিশ্বকাপ জিততে পারেননি, জেতা হয়নি
দেশের হয়ে বড় কোনো শিরোপাও! এতগুলো ম্যাচ খেলে ফেললেন, এখনো দেশের সর্বোচ্চ
গোলদাতাও হতে পারেননি। পারেননি, তবে সেই অর্জনটা বোধ হয় মেসির কাছ থেকে
দূরে থাকছে না। পরশু রাতে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে গোল করে
সেই পথে আরেকটু এগিয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ১০৭তম
ম্যাচে ছুঁলেন ৫০ গোলের মাইলফলক। ৫৬ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বকালের
সর্বোচ্চ গোলদাতা এখনো গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বাতিগোল অবশ্য ম্যাচ
খেলেছেন ৭৮টি। গতকাল ভোরে মেসির মাইলফলক ছোঁয়ার দিনে করদোভার মারিও কেম্পেস
স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটাও আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। ৩০
মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলের আগে ২০ মিনিটে আর্জেন্টিনার প্রথম গোলটা
করেছিলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মারকাদো। বাছাইপর্বে এটি আর্জেন্টিনার টানা
তৃতীয় জয়। বলিভিয়ার আগে সর্বশেষ দুই ম্যাচে জেরার্ডো মার্টিনোর দল
হারিয়েছে চিলি ও কলম্বিয়াকে। ইকুয়েডরের বিপক্ষে হার দিয়ে বাছাইপর্ব শুরু
করা আর্জেন্টিনা টানা জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও আরেক সাবেক বিশ্ব
চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু খেই হারিয়েছে হঠাৎ করে। উরুগুয়ের সঙ্গে আগের
ম্যাচে ২-২ গোলে ড্র করা ব্রাজিল কাল প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে
থাকা ম্যাচ কোনোক্রমে ২-২ ড্র করেছে। যোগ হওয়া সময়ে গোল করে ব্রাজিলকে একটি
পয়েন্ট এনে দিয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেজ। টানা দুই হলুদ কার্ড
দেখায় প্যারাগুয়ের আসুনসিওনে এ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিল অধিনায়ক
নেইমার। ওদিকে নিজের গোল আর দলের জয় মিলে নেইমারের বার্সেলোনা-সতীর্থ মেসির
একটা দারুণ রাত কেটেছে। তবে নিজের অর্জন ছাপিয়ে দলের জয়টাকেই বড় করে
দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘৫০ নম্বর গোল করে আমি খুশি। তবে এর চেয়েও
বেশি খুশি দল জেতায়। বাছাইপর্বে এখনো অনেক পথ বাকি। আমাদের এই ছন্দটা ধরে
রাখতে হবে।’ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ নিয়ে ৪৯৯ গোল হলো মেসির। আর মাত্র
একটা গোল করলেই ছুঁয়ে ফেলবেন ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক। বার্সেলোনার
পরের ম্যাচটা লা লিগায়, আগামী শনিবার রাতে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের
বিপক্ষে। এমন মাইলফলক ছোঁয়ার জন্য এল ক্লাসিকোর চেয়ে বড় মঞ্চ আর কী হতে
পারে! এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের অন্য ম্যাচে নিজেদের মাঠে এডিনসন কাভানির
একমাত্র গোলে পেরুকে হারিয়েছে উরুগুয়ে। কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে
ইকুয়েডর। ৬টি করে ম্যাচ খেলার পর উরুগুয়ে ও ইকুয়েডর দুই দলের পয়েন্টই ১৩
হলেও গোল ব্যবধানে শীর্ষে উঠে গেছে উরুগুয়ে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৩
নম্বরে আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে চিলি আছে
৪ নম্বরে। সমান ১০ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে
কলম্বিয়া। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেমে গেছে ছয়ে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment