Sunday, March 27, 2016

দ্রুত বিচার নিশ্চিত করতে হবে

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম,সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা
আর্থিক খাতে বড় বড় কেলেঙ্কারির পেছনে প্রধানত চারটি কারণ রয়েছে। প্রথমত, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ সুশাসনের অভাব রয়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদারকি ও পরিদর্শন ব্যবস্থায় যথেষ্ট দুর্বলতা রয়েছে। এ দুর্বলতার সুযোগে এমন ঘটনা প্রায়ই ঘটছে। দ্বিতীয়ত, এসব কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নৈতিকতার যথেষ্ট অভাব রয়েছে। ন্যূনতম নৈতিকতা থাকলে এসব ঘটনা ঘটত না। তৃতীয়ত, এ ঘটনার বিচারে দীর্ঘসূত্রতা রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির মামলা এখনো চলছে। যাঁদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতার কারণে তাঁরা আরও উৎসাহিত হবেন। তাঁরা ভাববেন, যেহেতু অপরাধ করার পর মামলা ও বিচার হতে বছরের পর বছর পেরিয়ে যায়। তাই মামলা-বিচার নিয়ে তাঁরা মাথা ঘামাবেন না। চতুর্থত, রাজনৈতিকভাবে প্রভাবশালীদের হস্তক্ষেপে এসব কেলেঙ্কারির ঘটনা ঘটে এবং অপরাধীরা পার পেয়ে যান। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে এ ধরনের কেলেঙ্কারির ঘটনা এমনিতেই কমে যাবে। বিচারব্যবস্থা দীর্ঘসূত্রতা কাটাতে ও মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের অফিসের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। এর পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে, রাজনৈতিকভাবে নিয়োগের পরিবর্তে আর্থিক খাতে যোগ্য ও সৎ লোক বসাতে হবে। এ ছাড়া ঋণ অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রমে মন্ত্রী, সাংসদসহ রাজনৈতিকভাবে প্রভাবশালীদের হস্তক্ষেপ ঠেকাতে হবে। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সুশাসনও নিশ্চিত করতে হবে।

No comments:

Post a Comment