Monday, March 21, 2016

এফডিসিতে জানাজা শেষে সোনারগাঁয়ে দিতি

সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেত্রী দিতির মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) আনার কথা ছিল সকাল সাড়ে দশটায়। কিন্তু তারও এক ঘণ্টা আগে দিতির মরদেহ পৌঁছে যায় সেখানে। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে ১০টা ২০ মিনিটে দিতির জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে জানাজায় দিতির আত্মীয়-স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
জানাজায় অংশ নেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনয়শিল্পী আলমগীর, রুবেল, ওমর সানী, চম্পা, আহমেদ শরীফ, মিজু আহমেদ, জাহিদ হোসাইন শোভন, আজমেরী বাঁধন, আফসানা বিন্দু, খালেদা আকতার কল্পনা, নাসরিন, সাবরিনা নিসা, মুনিয়া, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলীক, ইদ্রিস হায়দার, শাহ আলম কিরণ, দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।
এফডিসিতে জানাজা ও সহকর্মী এবং বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে দিতির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‍গ্রামের বাড়িতে। বাদ জোহর জানাজা শেষে দিতির ইচ্ছে অনুযায়ী তাঁকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হবে।
গতকাল রোববার বিকেল চারটায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। এরপর বাদ এশা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দিতির মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ সকালে নিয়ে যাওয়া হয় দিতির গুলশানের বাসায়।

No comments:

Post a Comment