Tuesday, March 29, 2016

লাহোরে হামলার হোতাদের ধরতে অভিযান

পাকিস্তানের লাহোরে হামলার স্থান থেকে
আলামত সংগ্রহ করছেন ফরেনসিক কর্মকর্তারা।
পাকিস্তানের লাহোরে আত্মঘাতী হামলায় হতাহত ব্যক্তির সংখ্যা বেড়েছে। নিহতের সংখ্যা ৭০ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছে অন্তত ৩০০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে। হামলার হোতাদের ধরতে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খ্রিষ্টানদের ইস্টার সানডে উৎসব উদযাপনকালে নগরের ভিড়ে ঠাসা একটি পার্কে গতকাল রোববার ওই হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের একটি অংশ। তারা আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। খ্রিষ্টানরাই ওই হামলার লক্ষ্য ছিল বলে জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার যে দাবি করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। নিরীহ লোকজনের ওপর হামলা এবং তাতে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তাঁর পরিকল্পিত যুক্তরাজ্য সফর স্থগিত করেছেন। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। হামলার ঘটনায় পাঞ্জাব সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। লাহোরের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। লাহোর পাকিস্তানের অন্যতম উদার ও সম্পদশালী নগর। এটি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক ক্ষমতার ঘাঁটি। সাম্প্রতিক বছরগুলোতে নগরটি তুলনামূলক শান্ত ছিল। জামাত-উল-আহরার মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছেন, হামলার মধ্য দিয়ে তাঁরা নওয়াজ শরিফকে একটি বার্তা দিতে চেয়েছেন। আর তা হলো—তারা (জামাত-উল-আহরার) লাহোরে এসে গেছে। আরও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে জামাত-উল-আহরার গঠিত। সাম্প্রতিক মাসগুলোতে এই জঙ্গিগোষ্ঠীটি পাকিস্তানের বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কিছু হামলা চালিয়েছে। হামলার পরিপ্রেক্ষিতে নওয়াজ শরিফ তাঁর বাসভবনে বৈঠক করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি তাঁর নিরাপত্তা উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রাতে দেশটির সেনাপ্রধান রাহিল শরিফ উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাহোর হামলার জন্য দায়ীদের ধরতে শিগগির অভিযান শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। সেনাবাহিনীর মুখপাত্র অসিম বাজওয়া টুইটারে লিখেছেন, ‘আমরা আমাদের নিরীহ ভাই, বোন ও শিশুর হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করব।’

No comments:

Post a Comment