Thursday, March 24, 2016

আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব -প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল বাধা উপেক্ষা করেই মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে সক্ষম হব। কেউ আমাদের অগ্রগতিকে রুখতে পারবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। এসময় সংশ্লিষ্ট ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নৌবাহিনীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক ২০১৬তে ভূষিত হন। পদকপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সাতজনই পেয়েছেন মরণোত্তর। তাদের পক্ষে স্বজনেরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। পদকপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে যাঁরা সম্মাননা পেলেন আমি আশা করি আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে আগামী প্রজন্ম। সে জন্য আগামী দিনেও সেভাবেই কাজ করবেন। তিনি বলেন, পদক পাওয়ার জন্য কেউ কাজ করে না। তবে, আপনাদের এই পদকপ্রাপ্তি আগামী প্রজন্মের জন্য অণুপ্রেরণা হিসেবে কাজ করবে।

No comments:

Post a Comment