Wednesday, March 2, 2016

ওয়ান-ইলেভেন না হলে শেখ হাসিনা প্রধনামন্ত্রী হতেন না -গয়েশ্বর

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওয়ান-ইলেভেন ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ওয়ান-ইলেভেনের কারচুপি ও ষড়যন্ত্রের ফসল হলেন শেখ হাসিনা। ওয়ান-ইলেভেন ষড়যন্ত্র না হলে আপনি প্রধানমন্ত্রী হতেন না। আপনি বেনিফিশিয়ালি। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন,  শেখ হাসিনা বলেছিলেন, এক-এগারোর সরকার আমাদের আন্দোলনের ফসল। এক-এগারোর সরকার যদি আপনার আন্দোলনের ফসল হয় তাহলে সফলতার ক্ষেত্রে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ আরও অনেক সাংবাদিকের ভূমিকা আছে। তাদের তো পুরস্কৃত করতে পারেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার  বিরুদ্ধে যা লেখা হয়েছে তা যদি মিথ্যা হয় তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে যা লেখা হয়েছে তা সত্য হয় কি করে? নাইকো মামলায় যদি আপনি মুক্তিলাভ করতে পারেন তাহলে আদালত কি কারণে খালেদা জিয়ার মামলা এখনও বলবৎ রাখে? আপনার কাছে রাখতে চাই। দলের কাউন্সিল সম্পর্কে তিনি বলেন, ১৯শে মার্চ কাউন্সিল হবেই। তাই কাউন্সিল নিয়ে টালবাহানা করবেন না। কাউন্সিল করতে দিবেন না, রাস্তায় নামতে দিবেন। কাউন্সিল করতে না দিলে পুরনো পথে নামতেই হবে। ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান শিশিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন  খোকন, প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment