Monday, March 28, 2016

পাকিস্তানে পার্কে আত্মঘাতী বোমায় নিহত ৬৯

পাকিস্তানের লাহোর শহরের একটি পার্কে জঙ্গি হামলায় ৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৯৩ জন। আহতদের বেশির ভাগই শিশু। হামলায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন শহরটির মেয়র।
তিনি জানান, লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকালে সেখানে অনেকগুলো পরিবার ভিড় জমিয়েছিল। তাদের অনেকেই ইস্টার সানডে পালন করছিল।
দেশটির পুলিশ জানিয়েছে, একজন আত্মঘাতী বোমাহামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিস্ফোরণে আহতদের হাসপতালে নেয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই শিশু। এছাড়া হুড়োহুড়িতে অনেক শিশুই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। লাহোরের খ্রিস্টান বাসিন্দাদেরকে ইচ্ছে করেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জামাত-উল-আহরার নামে পাকিস্তানী তালেবান গ্রুপ-এর একটি অংশ জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
এদিকে খ্রিস্টান সংখ্যালঘুদের উপরে এই ধরনের হামলার নিন্দা জানিয়েছে ভ্যাটিকান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হামলার ঘটনার পর নিজের সমবেদনা জানিয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

No comments:

Post a Comment