Saturday, April 2, 2016

লিবিয়ার নতুন সরকারকে ১০ শহরের সমর্থন

জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রবাসে গঠিত লিবিয়ার ‘ঐক্যের সরকারের’ প্রতি জনসমর্থন দৃশ্যমান হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় অন্তত ১০টি শহরের কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। একই সঙ্গে তারা অন্যদের প্রতি নতুন সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার নতুন সরকারের নেতারা তিউনিসিয়া থেকে রাজধানী ত্রিপোলি এসে সব পক্ষকে তাঁদের আনুগত্য মেনে নিতে আহ্বান জানান। জাতিসংঘও সবাইকে নতুন সরকারের অধীনতা মেনে নিতে বলছে। লিবিয়ার সংঘাতরত গ্রুপগুলো নতুন সরকারের শাসন মেনে নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে রয়েছে। গতকাল বিভিন্ন গ্রুপ থেকে আসা প্রায় তিন শ জন লোক নতুন সরকারের প্রধানমন্ত্রী ফাইয়েজ আল সারাজের প্রতি তাঁদের সমর্থন জানান। সাবরাতা শহরের মেয়র হোসেন আল দাওয়াবি এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাঁরা চান দ্রুত দেশে আইনের শাসন ফিরে আসুক। এ কারণেই নতুন সরকারকে সমর্থন জানাচ্ছেন। নতুন সরকারের নেতারা রাজধানী ত্রিপোলিতে আসার পর শহরটির বড় অংশ দখল করে রাখা ইসলামপন্থী সরকার জেনারেল ন্যাশনাল কংগ্রেস নতুন সরকারের নেতাদের আগমনকে ‘অনুপ্রবেশ’ আখ্যায়িত করে।

No comments:

Post a Comment