বাঙালি
বললে বোধ হয় একটু কম বলা হবে, ‘সিলেটি’-অধ্যুষিত শিলচর শহর থেকে এক
কিলোমিটারের মতো গেলেই ছোট্ট গ্রাম জাইফরপুর। বরাকের শাখা নদী ঘাঘরাপারের
এই গ্রামে পা দিয়ে বোঝার উপায় নেই রাজনৈতিক সমর্থনের চোরাস্রোত কোন দিকে।
সাধারণ গ্রাম। ইট-সোলিংয়ের রাস্তা। নদীর ওপর কাঠের সাঁকো। তবে বিদ্যুৎ আছে।
রয়েছে স্কুলও। মোটরসাইকেল ছাড়াও দু-একটি সস্তার চার চাকা বুঝিয়ে দিচ্ছিল,
গ্রামবাসীর কারও কারও হাতে কাঁচা পয়সা আছে। ভোট এত কাছে হলেও প্রচারের
বালাই নেই। দেয়াললিখন আর পোস্টার উঠে যেতে বসেছে। কিন্তু ফ্ল্যাগ-ফেস্টুন
বা ইদানীংকালের চল ফ্লেক্সবাবাজিরও রমরমা নেই বললেই চলে! আছে শুধু ছোট ছোট
গ্রাম্য জটলা। পেশাদার সাংবাদিকের জল মাপতে নেমে ঘোমটা দিয়ে বসে থাকা চলে
না। আবার সরাসরি রাজনীতির কূটকচালিতে ঢোকাটাও বুদ্ধিমানের কাজ নয়। অগত্যা
দোনামনা করেই চার-পাঁচজনের জটলাকে উদ্দেশ করে প্রশ্ন, ‘গ্রামের নাম তো
জাইফরপুর, কিন্তু মহিলারা সব্বাই তো দেখছি হিন্দু!’ জটলা থেকেই প্রায় সমবেত
কণ্ঠে জবাব উড়ে এল, ‘না না, এটা তো হিন্দু গ্রামই। গ্রামটার নাম জাইফরপুর
দাশপাড়া।’ পাল্টা প্রশ্ন, ‘জাইফর তো মুসলিম নামের মতো লাগছে!’ একটু
বিজ্ঞগোছের বছর পঞ্চাশের নন্দকুমার দাশ এগিয়ে এলেন। নিজের সিলেটি লুকিয়ে
রেখে ‘কেলু’তেই বললেন, ‘শুনুন, আমাদের এহানে হিন্দু-মুছলমান সব সমান। পাশের
গাঁয়েই তো তাঁরা (মুসলিম) থাকইন। একসঙ্গেই আছি! ওই সব মাত একানে নাইরে
বা!’ তাঁকে থামিয়ে আরেকজন বললেন, ‘এটা শহর নয়, গ্রাম! গ্রামোর মানুষ একলগেই
থাকে। শুনচেন নানি, বিজেপিও মুসলিম প্রার্থী করেছে!’ এবারে আসামের ভোটে
নতুন ট্রেন্ড, সাজসজ্জার বালাই কম। গ্রামগুলো দেখলে উপায়ই নেই, ভোট প্রায়
এসে গেছে। শহরের অবস্থাও খুব আলাদা নয়। মাইকিং, মিছিল-মিটিং বা প্রার্থীদের
বাড়ি বাড়ি ঘোরার কমতি নেই বটে, কিন্তু চোখে পড়ছে না উৎসবের আমেজ নিয়ে
আসার সেই আড়ম্বর। শিলচরের শহরেরই ইটখোলা অঞ্চলের প্রবীণ নাগরিক মানবেন্দ্র
ভট্টাচার্য। তাঁকে প্রশ্নটা করতেই জবাব এল, ‘হ্যাঁ, এবার ভোট বলেই মনে
হচ্ছে না!’ কেন এমন দশা ভোটবাজারের! প্রশ্ন শুনেই আঁতকে উঠলেন কংগ্রেসের
প্রচার শাখার ভারপ্রাপ্ত পার্থরঞ্জন চক্রবর্তী। বললেন, ‘খরচ করলেই তো
ক্যাঁক করে চেপে ধরছে কমিশন! ফ্ল্যাগ-ফেস্টুন বানিয়েও লাগাতে পারছি না!’
বিজেপির শিলচরের প্রার্থী দিলীপ কুমার পাল অবশ্য বললেন, ‘ভালোই হয়েছে। আমার
মতো যাঁরা খরচ বেশি করতে পারেন না, তাঁদের ভালো হবে!’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment