![]() |
| চানখাঁরপুল এলাকায় গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন |
বঙ্গবাজার,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখাঁরপুল এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে
থাকা প্রায় ৬০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন। গতকাল সোমবার দুপুরে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
(অঞ্চল-১) শাহিনা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শাহিনা খাতুন
বলেন, গতকাল সকাল ১০টায় বঙ্গবাজার এলাকার ড. মুহম্মদ শহীদুল্লাহ সড়ক থেকে
উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সড়কের দুপাশে ফুটপাত দখল করে থাকা আট থেকে
দশটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে থাকা ২০ থেকে ২৫টি দোকানপাট
উচ্ছেদ করা হয়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ সড়কে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আগেই মালামাল নিয়ে পালিয়ে গেছেন
অধিকাংশ দোকানি। পরে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার ও বেলা একটার
দিকে চানখাঁরপুল এলাকায় ফুটপাত দখল করে থাকা আরও প্রায় ৩০টি দোকানপাট
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে ডিএসসিসির বিভিন্ন
বিভাগের কর্মী ও পুলিশ-আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। লক্ষ্মীবাজার:
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশন। গতকাল সোমবার দুপুর ১২টায় ডিএসসিসির নির্বাহী
ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো
হয়। খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, লক্ষ্মীবাজারে সিটি
করপোরেশন মার্কেটের সামনের একটি জায়গায় অবৈধভাবে পাঁচটি দোকান তুলে
দীর্ঘদিন ধরে ব্যবসা চলছিল। খবর পেয়ে গতকাল বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে
দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মী ও পুলিশ
সদস্যরা সহযোগিতা করেছেন।

No comments:
Post a Comment