Tuesday, April 5, 2016

সেতুর পিলার দেবে ট্রেন চলাচল বন্ধ

আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল উপজেলার ক্ষতিগ্রস্ত
জানকিছড়া রেলসেতু মেরামতের কাজ চলছে।
আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানকিছড়া রেলসেতুর নির্মাণাধীন পিলার গত রোববার রাতের বৃষ্টির সময় পাহাড়ি ঢলে দেবে যায়। এতে গতকাল সোমবার ভোর পাঁচটা থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল রাত সাড়ে আটটায় সেতুটির মেরামতের কাজ শেষ হয়। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাত সাড়ে ১০টার দিকে এই সেতু দিয়ে রেল চলাচল শুরু হয়। রোববার দিনে থেমে থেমে বৃষ্টি আর সারা রাতের ভারী বৃষ্টিতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে ১৫৭ নম্বর রেলসেতুটির পূর্ব দিকের নির্মাণাধীন পিলার দেবে যায়। এতে সিলেট স্টেশনে আটকা পড়ে ঢাকা ও চট্টগ্রামগামী তিনটি আন্তনগর ও আখাউড়াগামী একটি লোকাল ট্রেন। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে পৌঁছে সিলেটে না গিয়ে আবার ঢাকায় ফিরে যায়। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ের স্টেশনমাস্টার কবির আহমদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল সকাল থেকে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও আখাউড়াগামী ডেমু ট্রেন। তিনি বলেন, সেতুর মেরামত শেষে রেল যোগাযোগ চালু হলেও শিডিউল (রেলের সময়সূচি) স্বাভাবিক হতে কয়েক দিন লেগে যাবে। শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার ফয়েজ আহমদ বলেন, রেলসেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল পর্যন্ত আসে। এখান থেকে সিলেটের যাত্রীরা নেমে সড়কপথে নিজ নিজ গন্তব্যে যান। বিকেল পাঁচটায় আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আবার ঢাকায় ফেরত যায়। শ্রীমঙ্গলস্থ গণপূর্তের (রেল) জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আলী আজম রাত নয়টায় প্রথম আলোকে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ভারী বৃষ্টিতে এই রেলসেতুর পিলার দেবে ও গার্ডার ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। পরবর্তী সময়ে একই স্থানে নতুন করে পিলার নির্মাণ করে সেতু সংস্কারের কাজ চলছিল। আর ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। গতকাল ভোরে পাহাড়ি ঢলে এ সেতুটির পূর্ব দিকের নির্মাণাধীন পিলার দেবে যায়। সেতুর পশ্চিম দিকের উপরিভাগের গাইড ওয়াল ফেটে রেলের পাত, স্লিপারসহ গার্ডার দেবে যায়। সকাল থেকেই অতিরিক্ত লোক নিয়োগ করে ক্ষতিগ্রস্ত সেতুটির মেরামত শুরু করা হয়। রাত সাড়ে আটটায় মেরামতের কাজ শেষ হয়। তবে বৃষ্টিপাতের কারণে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়নি।

No comments:

Post a Comment