Saturday, April 2, 2016

সুইফট ব্যবহারে সতর্ক হয়ে উঠছে ব্যাংকগুলো

সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর সতর্ক হয়ে উঠেছে ব্যাংকগুলো। সুইফট সংযুক্ত কম্পিউটার ব্যবহার ও ব্যবহারকারীদের কার্যক্রমের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। জানা গেছে, সুইফট ব্যবহারকারী শাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুইফট সংযুক্ত কম্পিউটারে মডেম, পেনড্রাইভ বা কোনো ধরনের ডিভাইস ব্যবহার করা এবং ইন্টারনেট সংযোগ রাখা যাবে না বলে নির্দেশনা দেওয়া হচ্ছে। উইন্ডোজ ফায়ারওয়াল চালু রাখতে বলা হচ্ছে। এসব কম্পিউটারে সুইফট-সংশ্লিষ্ট নয় এমন কোনো সফটওয়্যার, ম্যালওয়্যার ইনস্টল বা ডাউনলোড করা যাবে না। প্রতিটি শাখায় কমপক্ষে দুজন ব্যবহারকারী ও দুজন অনুমোদনকারী থাকার বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। আর ব্যবহারকারীকে পাসওয়ার্ড গোপন রাখতে হবে। এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সুইফট ব্যবহারে ব্যাংকগুলো অতি সতর্ক হয়ে উঠেছে। অর্থ লেনদেনের পরিমাণের ওপর কর্মকর্তাদের দায়িত্ব ঠিক করে দেওয়া হচ্ছে। সুইফট হলো সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকগুলোর মধ্যে অর্থ লেনদেনে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment