Tuesday, April 5, 2016

চার ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ
পরিচালকের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার উপাচার্যের দপ্তরে তালা ঝুলিয়ে তাঁকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখেন শিক্ষার্থীরা। ছাত্রকল্যাণ পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় চুয়েটের শিক্ষার্থী মো. মোহাইমেনুল ইসলামের মৃত্যুর পর থেকে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ আট দফা দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অটল ভৌমিককে নাজেহাল করার অভিযোগ ওঠে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার বিরুদ্ধে। সেদিনই তাঁর পদত্যাগ দাবি করে প্রশাসনিক ভবন ও ছাত্রকল্যাণ পরিষদে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সকাল আটটা থেকে শিক্ষার্থীরা গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টায় শিক্ষার্থীরা উপাচার্যের ভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দেন। বেলা একটার পর পুলিশ উপাচার্য ভবনে প্রবেশ করে। প্রায় চার ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বের হয়ে এসে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আটটি দাবিই মেনে নেওয়া হয়েছে এবং এগুলো বাস্তবায়নে চেষ্টা চলছে। ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এ জন্য কিছু সময় দিতে হবে। তবে শিক্ষার্থীরা উপাচার্যকে জানিয়ে দেন, আশুতোষ সাহা পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা ক্লাসে যাবেন না। গতকাল একাডেমিক ভবনগুলো তালাবদ্ধ ছিল এবং সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। রেজিস্ট্রার ফারুক-উজ-জামান জানান, শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নিয়ে তাঁদের শ্রেণিকক্ষে ফিরে যেতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এরপরও আন্দোলন চালিয়ে গেলে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

No comments:

Post a Comment