Tuesday, April 12, 2016

‘বাংলাদেশ-ভারত ​দ্বৈরথের উত্তাপ মিডিয়ার তৈরি’

টি-টোয়েন্টি বিশ্বকাপকে হতাশাজনক মনে করেন না সাকিব
ভারতের বিপক্ষে বেঙ্গালুরুর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের অন্তিম সময়গুলোতে মাহমুদউল্লাহর দিকেই তাকিয়ে ছিলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম যখন দুটি বাউন্ডারি মেরে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন, তখনো সাকিবের আশা ছিল। আশা ছিল মাহমুদউল্লাহকে নিয়ে। ভেবেছিলেন, মাহমুদউল্লাহ যেকোনো মূল্যে সিঙ্গেল বের করে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাবেন। মাহমুদউল্লাহও মুশফিকের পথ অনুসরণ করার পরেও সাকিবের মনে ছিল ক্ষীণ আশা, ম্যাচটা অন্তত টাই করতে পারবে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। এক রানের হার। এক রানের জন্য ভারতকে ভারতের মাটিতে হারাতে না পারার হতাশা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ভারতের অন্যতম দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে নিজের ভাবনাগুলো। আক্ষেপভরা কণ্ঠে জানিয়েছেন, ‘ক্রিকেট খেলাটাই এমন।’ নানা প্রশ্নের উত্তরে উঠে এল বলিউডও। তবে সাকিব এর মধ্যে এ–ও জানিয়ে দিলেন, ইদানীং বাংলাদেশ-ভারত ম্যাচ হলেই যে আগুনে উত্তাপ ছড়িয়ে পড়ে, এটা ‘মিডিয়ার সৃষ্টি’। বেঙ্গালুরুর ম্যাচের অন্তিম সময়ে সাকিবের ভাবনায় আর যা-ই থাকুক ‘পরাজয়’ ছিল না। সাকিব বলেছেন, ‘মুশফিক ভাই যখন দুটি বাউন্ডারি মেরে আউট হয়ে ফিরলেন, তখনো আমার মনে হয়েছিল, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) যেকোনো মূল্যে সিঙ্গেল বের করবে। সিঙ্গেল বের করলে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ফিল্ডারদের কাছে নিয়ে আসত। আর কিছু না হোক, জিততে না পারলেও আমি মনে করেছিলাম ম্যাচটা অন্তত টাই করতে পারবে বাংলাদেশ।’ গত এক-দেড় বছর ধরেই মাঠের ও মাঠের বাইরে ভারত-বাংলাদেশ ক্রিকেট-লড়াইটা খুব জমজমাট। অনেকেই এই লড়াইয়ে একটা ঝাঁজ, ক্রিকেটীয় দ্বৈরথ ছাপিয়ে যেন জাতীয় আবেগ তৈরি হয়। সাকিব কিন্তু এরও বিপক্ষে। সাকিবের মতে, ‘এই দ্বৈরথের উত্তাপটা ব্যাপারটা মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি। পুরো ব্যাপারটাই মিডিয়ার সৃষ্টি।’ নিজের মতের পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন, ‘মাঠে বাংলাদেশ ও ভারত দুই দলই জানে, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই দল জিতবে। দুই দলই তাই মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েই খেলতে চেষ্টা করে। আমরা অন্তত এভাবেই ভাবি। আমি নিশ্চিত ভারতও ঠিক এই চিন্তাই করে। আর যে দ্বৈরথের উত্তাপের কথা বলা হচ্ছে, সেটা দর্শকদের জন্য অথবা মিডিয়ার তৈরি উন্মাদনা।’  টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে খুব হতাশ নন সাকিব। বিশ্বকাপে নিজেদের মিশনকে ‘হতাশাজনক’ও মনে করেন না, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপকে মোটেও হতাশাজনক মনে করি না। এটা বলতে পারেন, আমরা কোনো ম্যাচ জিতিনি। কিন্তু দু-একটা ম্যাচ জিতে গেলে কিন্তু পুরো ব্যাপারটাই অন্য রকম হতে পারত। টি-টোয়েন্টি ফরম্যাটে খুব দ্রুত পরিস্থিতি পাল্টায়। এ জায়গাগুলোতে আমাদের শেখার অনেক কিছুই আছে।’

No comments:

Post a Comment