![]() |
| রাজউান উপজেলায় ইউপি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উত্তর জেলা বিএনপির নেতারা |
চট্টগ্রামের
রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীদের নির্বাচিত করার জন্য
সরকারি দলের লোকজন বিএনপির প্রার্থীদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের হুমকি
ও ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র বাছাইয়ের নামে তামাশা
করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির নেতারা। গতকাল রোববার দুপুরে
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির নেতারা
এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম
উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান। এ সময় দলের পাঁচজন
চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন। রাউজানে ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতে
সরকারি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে
চলেছেন। লিখিত বক্তব্যে বলা হয়, মনোনয়নপত্র জমা না দিতে বিএনপির
প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হয়। এ কারণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
বরাবর আবেদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে দলের ১৪ চেয়ারম্যান পদপ্রার্থীর
মনোনয়ন দাখিল করেন। এরপর থেকে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারীদের বাড়ি
বাড়ি গিয়ে হুমকি দিতে থাকেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। অভিযোগে বলা হয়,
পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, পাহাড়তলী ইউনিয়নের
চেয়ারম্যান প্রার্থী মোজাহেরুল আলম ও বিভিন্ন প্রস্তাবকারী এবং
সমর্থনকারীর বাড়িতে গিয়ে হামলা করেন আওয়ামী লীগের লোকজন। লিখিত বক্তব্যে
বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ের কাজটিও জেলা প্রশাসকের কার্যালয়ে করার আবেদন
করা হলেও তা করা হয়নি। ১২ এপ্রিল বাছাইয়ের নামে উপজেলায় তামাশা করা হয়েছে।
মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে দলের প্রার্থীদের প্রস্তাবকারী ও
সমর্থনকারীদের কাছ থেকে লিখিত নেওয়া হয় ‘কোনো প্রার্থীর মনোনয়নপত্রে সই
করেনি।’ এরপর মনোনয়ন বাতিল করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে রাউজান
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের লোকজন কাউকে
হুমকি দেননি।’ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পূর্ব গুজরা ইউনিয়নের
বিএনপির চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘আমার প্রস্তাবকারী ও
সমর্থনকারীকে ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক আবেদনে সই নিয়েছে। এরপর
মনোনয়ন বাতিল করা হয়।’ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারি দলের সাংসদের
নীলনকশা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এ তামাশা করা হয়েছে।

No comments:
Post a Comment