চলতি
২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দুই হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ
মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের দুই
হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলারের রপ্তানির চেয়ে আট দশমিক ৯৫ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ (ইপিবি) আজ মঙ্গলবার দেশের পণ্য রপ্তানি
আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের
প্রথম নয় মাসে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৪৪৩ কোটি ৮০
লাখ ডলার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে দুই দশমিক ১২ শতাংশ বেশি হয়েছে প্রকৃত
রপ্তানি আয়। এদিকে শুধুমাত্র গত মার্চ মাসে ২৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি
হয়েছে। এই আয় গত বছরের মার্চের ২৫৯ কোটি ডলারের চেয়ে নয় দশমিক ২০ শতাংশ
বেশি। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছিল ২৮৫ কোটি ডলারের পণ্য। আর
প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে অর্জিত
দুই হাজার ৪৯৫ ডলারের পণ্য রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে
দুই হাজার ৪৪ কোটি ডলার। এই আয় গত অর্থবছরের একইসময়ের এক হাজার ৮৬২ কোটি
ডলারে রপ্তানির চেয়ে নয় দশমিক ৬৬ শতাংশ বেশি। চলতি অর্থবছর তিন হাজার ৩৫০
কোটি ডলারের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইপিবি।
লক্ষ্যমাত্রাটি অর্জন করতে হলে চলতি এপ্রিল এবং আগামী মে ও জুন মাসে ৮৫৪
কোটি ৪৯ লাখ ডলারের পণ্য রপ্তানি আয় করতে হবে। গত অর্থবছর দেশের পণ্য
রপ্তানি আয় ছিল তিন হাজার ১২০ কোটি ডলার।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment