Wednesday, April 6, 2016

শ্রীলঙ্কা ও ফিলিপাইন যাচ্ছে পুলিশের দুটি দল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইন ও শ্রীলঙ্কা যাচ্ছে পুলিশের দুটি দল। গতকাল মঙ্গলবার রাতে একটি দল ফিলিপাইনে গেছে। আজ বুধবার আরেকটি দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন। সিআইডি সূত্র জানায়, ফিলিপাইনে যাওয়া তিন সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল আলম। দলের অপর দুই সদস্য হলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হানউদ্দিন খান। শ্রীলঙ্কার দলের নেতৃত্বে রয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক রফিকুল ইসলাম। দলের অন্য দুই সদস্য হলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জান্নাত আরা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার নাজমুল ইসলাম। সিআইডির প্রধান শেখ হিমায়েত হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ও সেখান থেকে ল্যাপটপের ডিভাইসের ইমেজ জব্দ করা হয়েছে। প্রাপ্ত তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফিলিপাইন ও শ্রীলঙ্কায় টাকা চুরির ঘটনায় জড়িতদের সংশ্লিষ্ট দূতাবাস ও পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

No comments:

Post a Comment