Saturday, April 30, 2016

ট্রাম্পের প্রচারণায় হাতাহাতি, ভাঙচুর

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় হাতাহাতির
একপর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘোড়ায়
চড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ
যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রাম্প গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় সেখানে বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটে। সভাস্থলের বাইরে ট্রাম্প-বিরোধী কয়েক শ ব্যক্তি রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তারা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে। পুলিশ সেখান থেকে ২০ জনকে গ্রেপ্তার করেছে। নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাঁর এমন বক্তব্যের পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পতাকা প্রদর্শন করে। সেখানে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত, বিশেষ করে লাতিন আমেরিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়েন। এ সময় পুলিশ ঘোড়ায় চড়ে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের সমাবেশস্থল থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে।আগামী ৭ জুন অনুষ্ঠেয় ক্যালিফোর্নিয়া প্রাইমারি রিপাবলিকান মনোনয়নের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অন্যতম জনসংখ্যাবহুল এলাকা কোস্টা মেসার দ্য প্যাসিফিক অ্যাম্পিথিয়েটারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার আয়োজন করা হয়।
সভাস্থলের বাইরে ট্রাম্প সমর্থকদেরও
ছিল শক্ত অবস্থান
১৮ হাজার লোকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। ট্রাম্প সমর্থকেরা সেখানে অভিবাসনবিরোধী স্লোগান দেন। তাঁরা অভিবাসী প্রবেশরোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণে দাবি জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের বক্তব্য ও সমর্থকদের এই ধরনের উগ্র স্লোগানের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীরা সমাবেশস্থলের বাইরে অবস্থান নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করে। একপর্যায়ে একজন বিক্ষোভকারী পুলিশের একটি গাড়ির ওপর লাফিয়ে পড়ে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। কয়েকজন বিক্ষোভকারী স্প্রে দিয়ে পুলিশের গাড়িতে ট্রাম্পবিরোধী স্লোগান লিখে দেয়। তারা রাস্তা অবরোধ করলে ট্রাম্প-সমর্থকেরা সমাবেশস্থলে আটকে পড়েন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে বিভিন্ন জায়গায় সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে। গত ১১ মার্চ সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইউনিভার্সিটি অব ইলিনয়ে ট্রাম্পের সমর্থনে আয়োজিত এক জনসভা বাতিল করা হয়েছিল। প্রায় ২০ হাজার ট্রাম্প সমর্থকের সঙ্গে কয়েক হাজার ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীর হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্পের নির্দেশে সভা বাতিল ঘোষিত হয়।

No comments:

Post a Comment