Thursday, April 7, 2016

তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরামর্শ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরামর্শ দিয়েছেন পরিচালনা পর্ষদের সদস্যরা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্ষদ সদস্যদের রিজার্ভ চুরির বিষয়টি অবহিত করার পর অর্থ আদায়ে পদক্ষেপ বিষয়ে জানানো হয়। গভর্নর ফজলে কবির দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা ছিল গতকাল। প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা এ সভায় পর্ষদের সব সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সভার চেয়ারম্যান গভর্নর ফজলে কবিরকে পর্ষদের সদস্যরা স্বাগত জানানোর পর রিজার্ভ চুরির বিষয়টি আলোচনায় আসে। কীভাবে রিজার্ভ চুরির ঘটনা ঘটে, তা তুলে ধরা হয়। এরপরই চুরি হওয়া অর্থ আদায়ে পদক্ষেপ সম্পর্কে জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগ ও ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যৌথভাবে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তা তুলে ধরেন। পর্ষদ সদস্যদের জানানো হয়, ৪ ফেব্রুয়ারি গভীর রাতে রিজার্ভের অর্থ চুরির ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের সুইফট সংযুক্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েই এ ঘটনা ঘটানো হয়। পরে অর্থ আদায়ে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অবহিত করা হয়। দুই কর্মকর্তাকে ফিলিপাইন পাঠানো হয়। ১৫ মার্চ রিজার্ভের অর্থ চুরির জন্য মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা ফিলিপাইনে অবস্থান করছেন। শ্রীলঙ্কায় যাওয়া অর্থ ফেরত এসেছে। ফিলিপাইনে যাওয়া অর্থ ধীরে ধীরে আসছে। পুরো অর্থই ফেরত আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। এরপরই পর্ষদ সদস্যরা জানান, যা ঘটেছে তা যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য সতর্ক থাকতে হবে। ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় পর্ষদের সদস্য জামালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পর্ষদে বিষয়টি তুলে ধরা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংক সঠিক পথেই চলছে। পর্ষদের অন্য সদস্যরা কেউ সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি। পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি পর্ষদকে অবহিত করা হয়েছে। এ ছাড়া অর্থ উদ্ধারে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানানো হয়েছে। পর্ষদে ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্ছিদ্র করার সিদ্ধান্ত হয়েছে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পর্ষদ সদস্যরা।

No comments:

Post a Comment