Thursday, April 7, 2016

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু কাল

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ত্রয়োদশবারের মতো এ মেলার আয়োজন করছে। এবারের মেলায় স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন ও বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট ইত্যাদি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলায় দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে। সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এসব তথ্য তুলে ধরেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস, বিমানের বিপণন মহাব্যবস্থাপক সৈয়দ আহসান হোসেন কাজী ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার মেলাটির টাইটেল স্পনসর হয়েছে। মেলা আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ‘নভোএয়ার-ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ এ মেলার উদ্বোধন করবেন। মেলাটি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং শনি থেকে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২৫ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন সোমবার সন্ধ্যায় র্যা ফল ড্রয়ের ব্যবস্থা থাকবে।

No comments:

Post a Comment