![]() |
| সমালোচনা ভুলে থাকতে চাইছেন অশ্বিন |
টি-টোয়েন্টি
বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর থেকেই নিয়মিত
সমালোচনা শুনতে হচ্ছিল। একটি নো বলের কারণে ভারতজুড়ে তিনি যেন ‘ভিলেন’।
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার জ্বালা যেন এখনো জুড়োয়নি ভারতীয়দের। এখনো
সমালোচনার তির ছুটে আসছে। তবে রবিচন্দ্রন অশ্বিন দাবি করছেন, সমালোচনা
আপাতত কানে তুলছেন না। বিশ্বকাপের পর একটি ঘটনা তাঁর জীবনদর্শনই পালটে
দিয়েছে। সেমিফাইনালে লেন্ডল সিমন্সের দুর্দান্ত ইনিংসে ভর করে ভারতের ১৯২
রানও ২ বল হাতে রেখে পেরিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে অশ্বিনের
দোষ—একটি নো বল করেছিলেন। ওই ইনিংসে আসলে দুবার নো বলের কারণে বেঁচে
গিয়েছিলেন সিমন্স, একবার হার্দিক পান্ডিয়ার বলে, অন্যবার অশ্বিনের।
কিন্তু স্পিনার হয়েও নো বল করায় অশ্বিনেরই সমালোচনা হচ্ছিল বেশি। ম্যাচের
পর ধোনিও হারের কারণ হিসেবে নো বল দুটির কথাই বলছিলেন। কিন্তু বিশ্বকাপের
পর থেকে এসব সমালোচনার ব্যাপারে চুপটি করে ছিলেন অশ্বিন। কারণটাও জানালেন
৩৩ বছর বয়সী স্পিনার, ‘যেদিন বাড়ি ফিরলাম, আমার কুকুরটা হিট স্ট্রোক করল।
বারবার মূর্ছা যাচ্ছিল। এটা আমাকে বুঝতে সাহায্য করল, কোনটা
অগুরুত্বপূর্ণ, আর কোনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ!’ এই গুরুত্বের তালিকায়
বিশ্বকাপের পর থেকে হওয়া সমালোচনা জায়গা পেল না। জায়গা পাবে কীভাবে,
অশ্বিন যে ওসব পড়েই দেখেননি, ‘(বিশ্বকাপের পর) তিন দিন কোনো পত্রিকাই উলটে
দেখিনি। তাই আমি আসলে বলতেই পারব না লোকে কী বলেছে।’ তবে একটি নো বলের
জন্য এভাবে তাঁকে ভিলেন বানিয়ে দেওয়াটাও মেনে নিতে পারছেন না অশ্বিন,
‘এখানে বেশ ভালো অনেক সাংবাদিক আছেন, জ্ঞানী মানুষও আছেন, যাঁরা আমাকে
জানিয়েছেন, আমি অনেক বছরে নাকি কোনো নো বল করিনি। তাই একটা নো বল করেই তো
আমি ভিলেন হয়ে যাইনি। আমি জানি না, এসবের উত্তর কীভাবে দেব।’ উত্তর হয়তো
দিতে পারেন এই আইপিএলেই। তবে এবারের আইপিএলের শুরুটা ঠিক কি মনমতো হলো
অশ্বিনের? মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কাল আইপিএলের প্রথম ম্যাচে জিতেছে
তাঁর দল, তবে তাতে মাত্র এক ওভারই বল করতে পারলেন রাইজিং পুনে
সুপারস্টার্সের এই স্পিনার। তাতে ৭ রান দিয়ে অবশ্য ১ উইকেট নিয়েছেন
অশ্বিন।

No comments:
Post a Comment