আবারও
ক্রিকেটে ফিরতে বেশ কিছুদিন ধরে নিজেকে তৈরি করছিলেন শিশু গৃহকর্মীকে
নির্যাতনের মামলায় জেলখানা ঘুরে আসা শাহাদাত হোসেন। তবে তাঁর ফেরাটা সহজ
হচ্ছে না। কাল প্রিমিয়ার লিগে বিভিন্ন শ্রেণির ২০৭ খেলোয়াড়ের তালিকা দিয়েছে
বিসিবি। শাহাদাতের নাম তাতে নেই। শাহাদাতকে অন্তর্ভুক্তি না করার কারণ
হিসেবে সিসিডিএম সদস্যসচিব রাকিব হায়দার বললেন, ‘ক্রিকেট বোর্ডের
নিষেধাজ্ঞা থাকায় নির্বাচকেরা তাকে তালিকায় রাখেনি। খেলোয়াড় তালিকায় রয়েছেন
দেশের পরিচিত সব ক্রিকেটারই। আইকন খেলোয়াড় ৭ জন, ‘এ প্লাস’ শ্রেণিতে
রয়েছেন ৭ জন। ‘এ’ শ্রেণিতে আছেন ১২, ‘বি প্লাসে’ ৩৮, ‘বি’ শ্রেণিতে ৩৬,
‘সি’ শ্রেণিতে ৫৮, ‘ডি’ শ্রেণিতে ১৯ ও ‘ই’ শ্রেণিতে ৩০ জন। লিগে অংশ নিচ্ছে
প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড,
মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া
চক্র, ব্রাদার্স ইউনিয়ন, ধানমন্ডি শেখ জামাল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
এবং প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও গাজী
ট্যাংক ক্রিকেটার্স। ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের
‘প্লেয়ার্স বাই চয়েস’ ১০ এপ্রিল। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা
স্টেডিয়াম, ফতুল্লা ও বিকেএসপিতে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment