![]() |
| কল্যাণপুর প্রধান সড়কে ওয়াসার খোঁড়াখুঁড়ির পর এখন খুঁড়বে উত্তর সিটি করপোরেশন |
কল্যাণপুর,
দক্ষিণ পাইকপাড়া ও মধ্য পাইকপাড়া এলাকার সড়কগুলো তিন-চার মাস আগেও বেশ
ভালো ছিল। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) নতুন পাইপ
বসানোর কাজ করায় সড়কগুলো এখন বেহাল। খোঁড়া গর্ত ভরাটের জন্য দেওয়া বালু সরে
ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। এদিকে ওয়াসার
খোঁড়াখুঁড়ি শেষ না হতেই কল্যাণপুর প্রধান সড়কে পানিনিষ্কাশনের নতুন পাইপ
বসানোর কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাইকপাড়া
এলাকা থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে যাতায়াতের প্রধান এ সড়কটিতে দীর্ঘদিন
ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকা
ঘুরে দেখা যায়, কল্যাণপুর প্রধান সড়ক, কল্যাণপুরের ২, ৩ ও ১১ নম্বর রোড,
মধ্য পাইকপাড়ার বেশ কয়েকটি সড়ক, নতুন বাজার থেকে বাঙলা কলেজ পর্যন্ত সড়কে
ওয়াসা খোঁড়াখুঁড়ি করেছে। খোঁড়া গর্ত বালু দিয়ে ভরাট করে দেওয়া হলেও বালু
সরে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সড়কগুলো এবড়োখেবড়ো হয়ে পড়েছে। জানা গেছে,
ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অংশ হিসেবে
কল্যাণপুর এলাকার রাস্তা কাটা হয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)
অর্থায়নে এ প্রকল্পের অধীনে পুরো ঢাকা শহরে পুরাতন পানির পাইপ সরিয়ে নতুন
পাইপ বসানো হচ্ছে।কল্যাণপুর ১১ নম্বর রোডের বাসিন্দা মো. রাহাত বলেন, একই
সড়কে একবার ডান পাশ কাটে, আবার বাঁ পাশ কাটে। কাটা শেষে বালু দিয়ে চলে
গেছে। অনেক বাড়ির সামনে গর্ত খোঁড়া হলেও সেগুলো ভরাট করে দেওয়া বালু সরে
গেছে। ওয়াসার পাইপ বসানোর কাজ শেষ। খোঁড়া সড়ক মেরামত করবে ডিএনসিসি।
কল্যাণপুর ও দক্ষিণ পাইকপাড়া এলাকাটি ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডের
অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন,
পাইপ বসানোর ক্ষেত্রে ওয়াসার সড়কগুলো উন্মুক্তভাবে কম কাটার কথা ছিল।
কিন্তু নানা কারণে তারা উন্মুক্তভাবে বেশি কেটেছে। ওয়াসার খোঁড়া এসব সড়ক
সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে। কয়েক দিনের মধ্যে মেরামতের কাজ শুরু
হবে। কল্যাণপুর নতুন বাজার থেকে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ
পর্যন্ত সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই অবস্থা থেকে
উত্তরণে পানিনিষ্কাশনের নতুন পাইপ বসানোর কাজ শুরু করেছে ডিএনসিসি। ওয়াসার
খোঁড়াখুঁড়ি শেষ না হতেই ডিএনসিসি সড়ক বন্ধ করে পাইপ বসানোর কাজ শুরু করেছে।
একই সড়ক কয়েক দিনের ব্যবধানে দুবার খোঁড়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
দেখা যায়, ডিএনসিসির পাইপ বসানোর কাজ প্রায় শেষ। স্ল্যাবগুলো ঢালাই দেওয়া
হয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এলাকার লোকজন অনেকটা ঘুরে বিকল্প পথে
কল্যাণপুর বাসস্ট্যান্ডে যাতায়াত করছেন। কল্যাণপুর নতুন বাজার এলাকার একজন
বাসিন্দা বলেন, একটা সড়কে কত দিন ধরে কাজ চলে আর কতবার খোঁড়ে। একবার ওয়াসা
কাটল, এখন সিটি করপোরেশন কাটছে। ১০ টাকার রিকশা ভাড়া ২০ টাকা দিয়ে ঘুরে
যেতে হচ্ছে, সেই ঘুরপথের রাস্তাও ভাঙা। ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল
মান্নান বলেন, ওয়ার্ডের কয়েকটি সড়কে পানিনিষ্কাশনের নতুন পাইপ বসানো হবে,
কিছু সড়কে শুধু সংস্কারকাজ হবে। এসব উন্নয়নকাজের দরপত্র হয়েছে। আগামী মে
মাসের মধ্যে সড়কগুলোর সংস্কার শেষ হবে বলে আশা করা যায়।

No comments:
Post a Comment