মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে মুর্শেদা বেগম নামের এক নারী খুন হয়েছেন। পুলিশ বলছে, তাঁর
মেয়ের সাবেক স্বামী তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। পরে সাবেক জামাতা কামাল
খান (৩০) বিষপানে আত্মহত্যা করেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে
শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে
জানা গেছে, বছর খানেক আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীততর গ্রামের
কামাল খানের সঙ্গে মনির মিয়ার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর
মধ্যে বিরোধ চলছিল। মাস খানেক আগে কামাল খানের স্ত্রী বাপের বাড়ি
শ্রীমঙ্গলে চলে আসেন। দুই সপ্তাহ আগে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।
স্থানীয় লোকজনের তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোররাতে কামাল খান টিনের
চাল কেটে ঘরে ঢুকে ঘুমন্ত সবাইকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত
করেন। পরে তিনি নিজেও (কামাল খান) বিষপান করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামাল খানসহ আহত সবাইকে শ্রীমঙ্গল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।
কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা কামাল খানকে মৃত ঘোষণা করেন। মুর্শেদা বেগম
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত
দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও একজনের অবস্থা গুরুতর
হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন,
স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। মাস খানেক আগে স্ত্রী বাপের বাড়ি চলে
যান। ১৫ থেকে ২০ দিন আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এতে কামাল বেপরোয়া
হয়ে ওঠেন। আজ ভোররাতে চাল কেটে ঘরে ঢুকে ঘুমের মধ্যে সবাইকে ছুরি দিয়ে
এলোপাতাড়ি আঘাত করে নিজে বিষ খেয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment