Tuesday, April 19, 2016

দাম্পত্য কলহে শিশু খুন!

স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জের ধরে রাজধানীর উত্তরখানে শিশু খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে গতকাল সোমবার রাতে পুলিশ এক শিশুর লাশ উদ্ধার করে। শিশুটির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা-বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। শিশুটির নাম নেহাল সাদিক। বয়স দেড় বছর। তার বাবার নাম সাজ্জাদ হোসেন। মা ফাহমিদা মীর। পুলিশ জানায়, ফ্ল্যাটের শয়নকক্ষে শিশুটির লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, শিশুটির মায়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির বাবা থানায় আছেন। উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম বলেন, স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, প্রায় আড়াই বছর আগে সাজ্জাদ ও ফাহমিদার বিয়ে হয়। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ হতো। একজন আরেকজনকে সন্দেহ করতেন। এর জের ধরে গতকাল রাতে মা তাঁর শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তানকে হত্যার দায় মা স্বীকার করেছেন। ওই দম্পতির প্রতিবেশী নাজনীন সুলতানার ভাষ্য, সন্তানের পিতৃত্ব নিয়ে স্বামীর সন্দেহ ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

No comments:

Post a Comment